সংগৃহীত ছবি
সিনেমার পর্দায় দর্শক যা দেখেন, তার পেছনে লুকিয়ে থাকে নানা মজার ঘটনা। শুটিংয়ের সময় তারকাদের এমন অনেক কাণ্ড ঘটে, যা পরবর্তী সময়ে হয়ে ওঠে স্মরণীয় গল্প।তেমনই এক মজার অভিজ্ঞতার কথা সামনে এনেছেন বলিউডের পরিচালক সূরজ বরজাতিয়া। তার পরিচালিত জনপ্রিয় সিনেমা ‘হাম আপকে হ্যায় কৌন’-এর শুটিংয়ে খাট ভেঙে ফেলেছিলেন সালমান খান ও মাধুরী দীক্ষিত!
নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ‘হাম আপকে হ্যায় কৌন’-এ সালমান-মাধুরীর রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। সিনেমাটির দুষ্টু-মিষ্টি মুহূর্তগুলো আজও বলিউডপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। এর মধ্যে অন্যতম ছিল বিয়ের আসর থেকে জামাইয়ের জুতা চুরির দৃশ্য।সেখানে জুতা নিয়ে পালাচ্ছিলেন মাধুরী। আর ভাইয়ের রক্ষাকর্তা হয়ে তার পিছু নেন সালমান। দুজনের দৌড়াদৌড়ির একপর্যায়ে একটি বিছানার ওপর আছড়ে পড়েন তারা। এতেই ভেঙে যায় বিছানাটি।
কিন্তু পর্দায় দেখা এই মজার দৃশ্যের পেছনের গল্প কী? সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-তে হাজির হয়ে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন পরিচালক সূরজ বরজাতিয়া।
পরিচালক জানান, দৃশ্যটি নিছক কল্পনা থেকে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে তার নিজের জীবনের একটি ঘটনা। মাত্র ১৩ বছর বয়সে মুম্বাইয়ের একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানে নিজের চোখে এমন একটি ঘটনা দেখেছিলেন।সেই বাস্তব অভিজ্ঞতাই পরবর্তী সময়ে সিনেমার দৃশ্য হিসেবে তুলে ধরেন তিনি।
‘হাম আপকে হ্যায় কৌন’-এর সেই দৃশ্য দর্শকদের কাছে আজও বেশ জনপ্রিয়। পর্দায় সালমান ও মাধুরীর দৌড়াদৌড়ি, খুনসুটি আর বিছানা ভেঙে পড়ার মুহূর্তটি যে পরিচালকের কৈশোরের একটি বাস্তব স্মৃতি থেকে এসেছে, এত দিন পর সেই গল্পই নতুন করে সামনে আনলেন সূরজ বরজাতিয়া।










































