ক্যারিয়ারের ৩৪তম সেঞ্চুরির পর রোহিতের উদযাপন। ছবি : রয়টার্স
ক্যারিয়ারের সায়াহ্নে রোহিত শর্মা। বয়স ৩৯ হওয়ায় এখন প্রায়ই অবসর নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে ভারতীয় ব্যাটারকে।তবে বরাবরই জবাবটা নিজের স্টাইলেই দিচ্ছেন তিনি।
মুখের জবাব ব্যাটেই দিচ্ছেন রোহিত। ঠিক যেন বোলারদের পিটিয়ে বাউন্ডারি ছাড়া করার মতো। গতকালও সেটাই করলেন।ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারলেও ক্যারিয়ারের ৩৪ তম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ১৩৯ রানের ইনিংস খেলে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে লর্ডসে সেঞ্চুরির কীর্তিও গড়েছেন তিনি।
জফরা আর্চার-জশ টাংদের পিটিয়ে সেঞ্চুরি তুলে নেওয়া রোহিত পরে অবসরের গুঞ্জন নিয়ে কথা বলেছেন। ভারতীয় ওপেনার জানান, এসব শোরগোল না থাকলে তো আর মজা নেই।সমালোচকদের এক হাত নিয়ে তিনি বলেছেন, ‘বাইরে কোনো আলোচনা বা শোরগোল না থাকলে তো মজাই নেই! আমার কাজ মাঠের ভেতরে, আর ওদের কাজ মাঠের বাইরে। আমি বিষয়টাকে এভাবেই দেখি।’
অভিষেকের পর থেকেই এমন কিছু শুনতে হচ্ছে বলে জানান রোহিত। বাইরের এসবে কান দিয়ে তিনি শুধু মাঠেই মনোযোগ দিতে চান। ভারতের সাবেক ওপেনার বলেছেন, ‘আমার কাজ হলো ব্যাট হাতে পারফর্ম করা।মাঠে নামার পর খেলা এবং দেশের প্রতিনিধিত্ব করা। অভিষেকের পর থেকেই আমাকে এটাই করতে বলা হয়েছে। আমি এটাই করতে থাকব।’
টি-টোয়েন্টি ও টেস্টকে আগেই বিদায় জানিয়েছেন রোহিত। এখন শুধুই খেলছেন ওয়ানডে। গুঞ্জনে কান না দিয়ে যতদিন খেলবেন ততদিন দলের জয়ে অবদান রাখতে চান জানিয়ে ভারতীয় ওপেনার বলেছেন, ‘অভিষেকের সময় থেকেই চারপাশের এই আলোচনা বা গুঞ্জন ছিল। যতদিন খেলব ততদিন এই গুঞ্জন থাকবে। এ নিয়ে আমি ভাবছি না। মাঠে কী করছি, সেটাই আসল। শুধু দলের জয়ে অবদান রাখতে চাই। আমার পুরো মনোযোগ শুধুই মাঠে।’










































