কমছে মানুষের আয় ও ক্রয়ক্ষমতা

ব্যাংকঋণের উচ্চ সুদ, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট ও বিনিয়োগে দীর্ঘসূত্রতায় চাপে দেশের অর্থনীতি। ব্যবসা-বাণিজ্যে গতি কমে যাওয়ায় একদিকে শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা।কমেছে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা। বাজারে পণ্যের বিক্রি কমে যাওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানের নগদ প্রবাহেও টান পড়েছে। ফলে অনেক প্রতিষ্ঠান ঋণের কিস্তি পরিশোধ করতে পারছে না। বাড়ছে খেলাপি ঋণ।এমন পরিস্থিতিতে কর্মসংস্থান ও উৎপাদন—দুই ক্ষেত্রেই সংকট গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির বিপরীতে আয় বৃদ্ধির গতি কম থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। প্রয়োজনীয় পণ্য ও সেবা কিনতেই আয়ের বড় অংশ ব্যয় হচ্ছে। ফলে নতুন পণ্য কেনা ও বড় ব্যয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছেন ভোক্তারা।

এতে অভ্যন্তরীণ বাজারে চাহিদা কমছে, যার প্রভাব পড়ছে উৎপাদন ও বিনিয়োগে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৮.৩৪ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি ৭.২২ শতাংশ থেকে কমে ৬.৪০ শতাংশ হলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯.৮৯ শতাংশ। অন্যদিকে একই সময়ে মজুরি বৃদ্ধির হার কমে ৭.৬৩ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৭.৯০ শতাংশ। অর্থাৎ মানুষের আয় বাড়ার চেয়ে জীবনযাত্রার ব্যয় বাড়ছে দ্রুত।

এর প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্যে। বিক্রি কমে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান সময়মতো ব্যাংকঋণের কিস্তি পরিশোধ করতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ছয় লাখ ছয় হাজার ৫৫৫ কোটি টাকা। মোট ঋণের ৩২.৭৮ শতাংশ তখন খেলাপি ছিল। মার্চ শেষে খেলাপি ঋণ ছিল পাঁচ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আগে খেলাপি ঋণের বড় অংশের ক্ষেত্রে ইচ্ছাকৃত খেলাপির অভিযোগ থাকলেও এখন অনেক ব্যবসায়ী ব্যবসায়িক সংকটের কারণে ঋণ পরিশোধ করতে পারছেন না। এই প্রবণতা ব্যাংক খাতের জন্য উদ্বেগজনক।

অন্যদিকে বিনিয়োগের পরিবেশও উদ্যোক্তাদের অনুকূলে নেই। ব্যাংকঋণের উচ্চ সুদ, কাঁচামাল ও জ্বালানির বাড়তি দাম এবং আমলাতান্ত্রিক জটিলতায় নতুন প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। পরিবেশ অধিদপ্তর, রাজউক, বিসিকসহ বিভিন্ন দপ্তরের অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। কোথাও ঘুষ, তদবির ও হয়রানির মুখেও পড়তে হচ্ছে তাঁদের।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও ঘন ঘন নীতির পরিবর্তন বিনিয়োগের পরিবেশকে অনিশ্চিত করছে। একটি নতুন প্রকল্পের অনুমোদন পেতে গড়ে দুই থেকে তিন বছর সময় লাগছে। এতে সুদ, জ্বালানি ও কাঁচামালের দাম বেড়ে প্রকল্পের সম্ভাব্যতা নষ্ট হচ্ছে। ফলে অনেক উদ্যোক্তা বিনিয়োগ থেকে বিরত থাকছেন।

বিনিয়োগের এই স্থবিরতার প্রভাব পড়ছে শিল্প উৎপাদন ও কর্মসংস্থানে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, গত দুই বছরে সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে ৩৫৩টি কারখানা বন্ধ হয়েছে। এতে কর্মহীন হয়েছেন এক লাখ ১৯ হাজার ৮৪২ জন শ্রমিক। তৈরি পোশাক ও টেক্সটাইলের পাশাপাশি আবাসন, চামড়া, জুতা, সিরামিক, প্লাস্টিক ও হোম টেক্সটাইল খাতেও বিনিয়োগ কমেছে।

এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক বলেন, শ্রমঘন আবাসন ও রিয়েল এস্টেট খাতের স্থবিরতার প্রভাব এর সঙ্গে যুক্ত ২৫০ থেকে ২৬০টি শিল্পে পড়ছে। এতে কর্মসংস্থান কমার পাশাপাশি অর্থনীতিতে চাহিদাও দুর্বল হচ্ছে।

বিনিয়োগ কমার চিত্র উঠে এসেছে বিভিন্ন অর্থনৈতিক সূচকেও। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশ হয়েছে, যা আগস্টে ছিল ৪.৭৫ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে ২২.৫ শতাংশ। অন্যদিকে প্রথম চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৬.৫৩ শতাংশে, যা একই সময়ের হিসাবে এ যাবৎকালের সর্বনিম্ন।

বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বেসরকারি বিনিয়োগ ০.৫ শতাংশ এবং সরকারি বিনিয়োগ ০.৭ শতাংশ কমেছে। একই সময়ে পণ্য ও সেবার প্রকৃত রপ্তানি কমেছে ৪.৮ শতাংশ। সংস্থাটির মতে, বিনিয়োগ ও কর্মসংস্থানের দুর্বলতা এবং জ্বালানি সংকট দেশের প্রবৃদ্ধির ওপর চাপ তৈরি করছে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, অনুকূল বিনিয়োগ পরিবেশের অভাবই দেশি-বিদেশি বিনিয়োগ না বাড়ার প্রধান কারণ। বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের উদ্যোগের সঙ্গে বাস্তব কাজের মিল না থাকায় নীতি ও প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, উচ্চ সুদহার, ব্যবসা পরিচালনার বাড়তি ব্যয় এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে উদ্যোক্তারা নতুন বিনিয়োগে সতর্ক হয়েছেন। মূল্যস্ফীতি, কম প্রবৃদ্ধি ও দুর্বল বিনিয়োগের সম্মিলিত প্রভাবে দীর্ঘস্থায়ী স্থবিরতার ঝুঁকি বাড়ছে।

তার মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো এবং কর্মসংস্থানমুখী বিনিয়োগ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাঠামোগত সংস্কার ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে।

LEAVE A REPLY