বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ফাইল ছবি : মীর ফরিদ
তামিম ইকবাল অবসর ঘোষণার পর থেকে তার সঙ্গে যোগাযোগের জন্য সবরকম চেষ্টা করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু এসব হবে অনুমান করেই হয়তো ফোন অফ করে রেখেছিলেন তামিম ইকবাল। অবশেষে আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তামিম অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেন। গণভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি ইঙ্গিত দেন যে, তিনি তামিমকে আবারও অধিনায়ক হিসেবে পেতে চান।
পাপনের বিশ্বাস ছিল, আলোচনায় বসলেই সব সমাধান হয়ে যাবে। বিসিবি সভাপতির ভাষায়, ‘আমার একটা ধারণা হয়েছিল ওর সংবাদ সম্মেলনটা দেখে… কারণ আমি ওদের এত কাছের যে… ও হয়তো ইমোশনাল একটা সিদ্ধান্ত নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল যে, ওর সঙ্গে একবার সামনাসামনি যদি বসতে পারি, তাহলে হয়তো এটার একটা সমাধান পাব। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম।
ও আপনাদের সামনেই বলে গেল, অবসরের যে চিঠিটা দিয়েছে, সেটি তুলে নিচ্ছে।’
অবসর প্রত্যাহার করলেও তামিম এখনই ক্রিকেটে ফিরছেন না। শারিরীক ও মানসিকভাবে ফিট হতে প্রধানমন্ত্রী তাকে দেড় মাসের ছুটি দিয়েছেন। তাকে ফের অধিনায়ক হিসেবে পাওয়ার আশা নিয়ে পাপন আরও বলেন, ‘সে অবসর নেয়নি।
তবে যেহেতু সে শারীরিক ও মানসিকভাবে সে এখনও ফিট নয়, সেইজন্য সে দেড় মাস সময় নিয়েছে। এই দেড় মাসে সে রিহ্যাব করে আশা করি আমাদের ক্রিকেটে ফিরে আসবে। এটা অবশ্যই… সবার জন্যই স্বস্তির। আমাদের অধিনায়ক যদি না থাকে, তাহলে খেলব কীভাবে!’











































