‘অস্ট্রেলিয়াকে হারানোর এটাই সেরা সময়’—বললেন ওমান অধিনায়ক

জাতিন্দর সিং

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের মাঝেও আশার আলো দেখছেন ওমান অধিনায়ক জাতিন্দর সিং। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। তবে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়াকে চমকে দেওয়ার সুযোগ দেখছেন জাতিন্দর।

এবারের বিশ্বকাপে ওমানের অভিযান মোটেই সুখকর ছিল না।

জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর দলটি চাপে রয়েছে। তবু শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন অধিনায়ক।

সংবাদ সম্মেলনে জাতিন্দর বলেন, ‘এটা আমাদের জন্য বড় সুযোগ। টি-টোয়েন্টি এমন এক খেলা যেখানে মোমেন্টাম খুব গুরুত্বপূর্ণ।

যেদিন আপনি মুহূর্তগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারবেন, সেদিন যেকোনো দলকে হারানো সম্ভব। অস্ট্রেলিয়া এখন ভালো অবস্থায় নেই, এটাই তাদের হারানোর সেরা সময়।’

তিনি আরো জানান, দলের খেলোয়াড়রা দারুণ ইতিবাচক মানসিকতায় আছে এবং নিজেদের প্রমাণ করতে মুখিয়ে রয়েছে।

শুধু এই ম্যাচ নয়, ভবিষ্যৎ নিয়েও ভাবছেন ওমান অধিনায়ক।

তার মতে, আন্তর্জাতিক মঞ্চে উন্নতি করতে হলে খেলোয়াড়দের আরো বেশি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে হবে। ২০২৫ সালে ওমান মাত্র ১৫টি টি-টোয়েন্টি ও ৮টি ওয়ানডে ম্যাচ খেলেছে, যা বড় দলগুলোর তুলনায় অনেক কম।

জাতিন্দর বলেন, ‘আমাদের দেশে যদি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শুরু হয় বা আমাদের খেলোয়াড়রা বিদেশে খেলার সুযোগ পায়, তাহলে তারা অভিজ্ঞতা অর্জন করবে। সেই অভিজ্ঞতা জাতীয় দলে বড় পার্থক্য গড়ে দেবে।’

তিনি আক্ষেপ করে বলেন, অনেক সময় অন্যান্য দলকে আমন্ত্রণ জানালেও কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায় না।

তাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই হতে পারে উন্নতির বড় মাধ্যম।

LEAVE A REPLY