সংগৃহীত ছবি
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে পার্থ প্রতীম রায়ের নতুন গান ‘ভালোবাসি বলতে চাই’-এর মিউজিক ভিডিও। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল পিপিআর মিউজিক-এ প্রকাশিত হয়েছে গানটি।
এই গানের কথা, সুর ও কণ্ঠ—সবকিছুই করেছেন পার্থ প্রতীম রায় নিজেই। পেশায় আইটি বিশেষজ্ঞ ও গবেষক হলেও সংগীতের প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি গানটি নির্মাণ করেছেন।
প্রেমের অনুভূতি, অপেক্ষা এবং ভালোবাসা প্রকাশের সাহস—এই আবেগঘন বিষয়গুলোকে ঘিরেই তৈরি হয়েছে গানটি, যা বসন্তের আবহে নতুন মাত্রা যোগ করেছে।
পার্থ প্রতীম রায় বলেন, ‘ভালোবাসি বলতে চাই’ এটি কেবল একটি গান নয়, বরং আমার হৃদয়ের খুব কাছের এক অনুভূতি। কথা, সুর ও গায়কিতে চেষ্টা করেছি ভালোবাসার সেই চিরাচরিত মায়া আর কাঠগোলাপের মতো শুভ্রতাকে তুলে ধরতে। আশা করি, যারা ভালোবাসতে জানেন এবং ভালোবাসার স্বপ্ন দেখেন, তাদের প্রত্যেকের মনের এক কোণে গানটি জায়গা করে নেবে।।
গানটির সংগীতায়োজন ও মিক্স-মাস্টার করেছেন রূপন চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন সি এফ জামান। গান ভিডিওতে মডেল হয়েছেন মামুন খান, সুষ্মিতা এবং পার্থ প্রতীম রায় নিজেও।











































