রাহুল গান্ধীর মোট সম্পদের পরিমাণ ২০ কোটি রুপি

ছবি : সংগৃহীত

চারবারের সংসদ সদস্য রাহুলের মোট সম্পত্তি ২০ কোটি রুপি। গতকাল ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী আসন্ন সাধারণ নির্বাচনে লোকসভার সদস্যপদ ধরে রাখতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকে তাঁর মোট সম্পদের মূল্য সম্পর্কে জানা

গেছে। এর মধ্যে তাঁর অস্থাবর সম্পত্তির মোট মূল্য ৯.২৪ কোটি রুপি এবং স্থাবর সম্পত্তির মোট মূল্য ১১.১৪ কোটি রুপি।

অস্থাবর সম্পত্তির মধ্যে ৪.২ লাখ রুপি মূল্যের স্বর্ণের গহনা, ১৫.২ লাখ রুপি মূল্যের স্বর্ণের বন্ড এবং জাতীয় সঞ্চয় প্রকল্প (এনএসসি), ডাকঘরে এবং বীমা পলিসিতে বিনিয়োগ রয়েছে ৬১.৫২ লাখ রুপি। স্টক মার্কেটে ৪.৩ কোটি রুপি বিনিয়োগ করা রয়েছে, মিউচুয়াল ফান্ড আমানত বাবদ ৩.৮১ কোটি রুপি বিনিয়োগ করা রয়েছে। যেখানে তাঁর স্থাবর সম্পত্তির মোট মূল্য প্রায় ১১.১৪ কোটি রুপি, এর মধ্যে গুরুগ্রামে ৯.০৩ কোটি রুপি মূল্যের একটি অফিসও রয়েছে। 

এ ছাড়াও দিল্লির মেহরাউলি এলাকার সুলতানপুর গ্রামে একটি পৈতৃক জমি রয়েছে।

বোন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যৌথভাবে ওই কৃষিজমি কেনা রয়েছে রাহুলের। যার আনুমানিক মূল্য ২.১০ কোটি রুপি। কংগ্রেস নেতা আরো জানিয়েছেন, তাঁর কাছে ৫৫ হাজার রুপি নগদ রয়েছে এবং দুটি ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে ২৬.২৫ লাখ রুপি রয়েছে। হলফনামা অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে তাঁর মোট আয় এক কোটি দুই লাখ ৭৮ হাজার ৬৮০ রুপি।

গত পাঁচ বছরে তাঁর আয় ছয় কোটি রুপিরও বেশি। 

গতকাল বুধবার ভারতের কেরালা রাজ্যের ওয়ানাড আসন থেকে টানা দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন রাহুল গান্ধী। ২০১৯ সালে তিনি উত্তর প্রদেশের আমেথি আসনে স্মৃতি ইরানীর কাছে পরাজিত হন। তবে কেরালার এই আসন জিতে পার্লামেন্টে স্থান পান রাহুল। ২০২৪-এ ফের সেই কেন্দ্র থেকে প্রার্থী হলেন তিনি।

সূত্র : সংবাদ প্রতিদিন

LEAVE A REPLY