কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, প্রতিহতের দাবি দুই দেশের

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানঘাঁটি এবং বাহরাইনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বুধবার (১৯ নভেম্বর) ভোরে চালানো এসব হামলা প্রতিহত করার দাবি করেছে কুয়েত ও বাহরাইনের সামরিক বাহিনী।

তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ইরানের সামরিক বাহিনীর দাবি, কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে মোতায়েন থাকা মার্কিন ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে তাদের ড্রোন হামলা চালানো হয়। তবে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশপথে আসা ড্রোনগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে।

একই সময়ে বাহরাইনেও ইরানের একাধিক হামলার চেষ্টা নস্যাৎ করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।যদিও এসব হামলার ফলে কোনো স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। প্রায় দুই মাস বিরতির পর গত কয়েক দিনে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে আবারও ধারাবাহিক হামলা চালাচ্ছে ইরান। পারস্য উপসাগরীয় দেশটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। প্রায় নয় মাস ধরে চলা আঞ্চলিক সংঘাতের মধ্যেই নতুন করে এই হামলার ঘটনা ঘটল।

এর আগে মঙ্গলবার হরমুজ প্রণালির কেশম দ্বীপে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর এক দিন আগে বাহরাইনে অবস্থিত মার্কিন একটি রাডার স্থাপনায় ইরানের হামলার জবাব হিসেবেই ওই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে। ইরানের ভাষ্য অনুযায়ী, বাহরাইনে সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে শুক্রবার ও রবিবারের অভিযানও রয়েছে। দেশটির দাবি, যুক্তরাষ্ট্রের ড্রোন নজরদারি কার্যক্রম এবং একটি যোগাযোগ টাওয়ারে হামলার প্রতিক্রিয়া হিসেবেই এসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যেই বুধবার তেল আবিবে ইসরায়েলের সামরিক প্রধান আইয়াল জামির ও গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক রোমান গোফম্যানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি যখন নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে, তখন এই বৈঠককে ঘিরেও গুরুত্ব তৈরি হয়েছে।

LEAVE A REPLY