ইরানের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কেউ কিছু করলে শক্ত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, আঞ্চলিক অস্থিরতা এবং ইরানের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কেউ কিছু করে কিনা সে বিষয়ে আমাদের সেনারা পর্যবেক্ষণ করছে। আমাদের কাছে দেশের স্বার্থ মুখ্য।
রোববার এক বিবৃতিতে রাইসি বলেন, ইরানের জনগণ ও স্বার্থের বিরুদ্ধে ইসরাইলি আক্রমনাত্বক পদক্ষেপের জবাব হচ্ছে দেশটিতে আমাদের হামলা। বিশেষ করে সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার প্রতিউত্তরে এই হামলা হয়েছে।
রাইসি বলেন, ইসরাইল কিংবা তাদের সমর্থকরা যদি বেপরোয়া কোনো পদক্ষেপ নেয় তাহলে তারা আরও শক্তিশালী জবাব পাবে।
ইরানের সেনাপ্রধান মোহাম্মদ হুসেইন বাঘেরি বলেছেন, ইসরাইলে হামলার মাধ্যমে এই ধাপের জবাব দেওয়া হয়ে গেছে। নতুন করে কোনো হামলার পরিকল্পনা আমাদের নেই।
তিনি বলেন, ইসরাইল আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে গেলে ইরান আরও বড় সামরিক পদক্ষেপ নেবে।











































