শেষ ওভারে বল টেম্পারিংয়ের অভিযোগে শাস্তি, হারল মুস্তাফিজরা

ছবি : ভিডিও থেকে নেওয়া

শেষ ওভারের আগে বল বিকৃতির অভিযোগে পাঁচ রান পেনাল্টি, এই বিতর্কিত সিদ্ধান্তেই ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ ওভারের আগে নাটকীয় ঘটনাপ্রবাহের পর শেষ পর্যন্ত জয় পায় করাচি কিংস। 

লাহোর কালান্দার্স ও করাচি কিংসের ম্যাচে দ্বিতীয় ইনিংসের ১৮ ওভার শেষে করাচির দরকার ছিল ২৩ রান। বল হাতে ১৯তম ওভারে বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমান মাত্র ৯ রান দিলে লাহোরের দিকে ঝুঁকে যায় ম্যাচ।

এতে শেষ ওভারে ১৪ রানের সমীকরণ মাথায় নিয়ে বল করতে আসেন লাহোরের পেসার হারিস রউফ। ঠিক তখনই ঘটে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা।

ওভারের আগে বোলারের রান-আপে একত্র হন লাহোর অধিনায়ক শাহিন আফ্রিদি, হারিস রউফ ও ফখর জামান। এ সময় তিনজনকেই বল হাতে নিতে দেখা যায়।

বিষয়টি লক্ষ করেন আম্পায়ার ফয়সাল আফ্রিদি। তিনি সঙ্গে সঙ্গে বলটি পরীক্ষা করতে চান।

দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ ও স্কয়ার-লেগ আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে আলোচনা শেষে আম্পায়াররা সিদ্ধান্ত দেন—লাহোর কালান্দার্স ইচ্ছাকৃতভাবে বলের অবস্থা পরিবর্তন করেছে। ফলে করাচি কিংসকে দেওয়া হয় পাঁচ রান পেনাল্টি এবং বলটি বদলে ফেলা হয়।

এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন লাহোর অধিনায়ক শাহিন আফ্রিদি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আম্পায়াররা কী বলবেন, সেটা দেখব।’ 

পেনাল্টির পর করাচির প্রয়োজন দাঁড়ায় মাত্র ৯ রান। শেষ ওভারের প্রথম বলেই আউট হন খুশদিল শাহ। এরপর একটি ওয়াইড দেন রউফ।

পরের দুই বলে আব্বাস আফ্রিদি একটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

তিন বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় করাচি কিংস। এই জয়ে চলতি আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে অপরাজিত থাকল তারা। অন্যদিকে দুই ম্যাচে এক জয় ও এক হারে দ্বিতীয় স্থানে রয়েছে লাহোর কালান্দার্স। 

LEAVE A REPLY