ছুটি কাটিয়ে দেশে ফিরে মিরপুরে বিসিবি সভাপতি বুলবুল

বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ মিরপুরে। ছবি : কালের কণ্ঠ

পরিবারের সঙ্গে সময় কাটাতে রমজানের আগে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তখন গুঞ্জন রটে হয়তো আর দেশে ফিরবেন না তিনি। বোর্ডপ্রধানের পদেও আসতে পারে পরিবর্তন!

শেষ পর্যন্ত গুঞ্জন উড়িয়ে কাল মধ্যরাতে ঢাকায় পা রেখেছেন বুলবুল। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে জাপান হয়ে ফেরার আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি বৈঠকেও যোগ দিয়েছেন।

আজ দুপুরে মিরপুরে বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কাজকর্মও সারেন বুলবুল। এরপর বোর্ড পরিচালকদের নিয়ে বাংলাদেশ জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে উপস্থিত হন। সেখানে প্রধান কোচ ফিল সিমন্স, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ কয়েক জনের সঙ্গে কুশল বিনিময় করেন।

সর্বশেষ নির্বাচনের পর থেকেই বিসিবিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে।

ক্লাব সংগঠকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে থমকে আছে ঘরোয়া ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) না হওয়ায় খেলোয়াড়রা বিপাকে রয়েছেন।

তার ওপর ক্রীড়া মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি হয়েছে নির্বাচনী প্রক্রিয়া কতটুকু স্বচ্ছ হয়েছে, তা দেখার জন্য। দেশের ক্রিকেটের টালমাটাল পরিস্থিতির মধ্যে প্রায় দেড় মাস পর ফিরলেন বুলবুল।

LEAVE A REPLY