ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা যমুনা ব্লকবাস্টারসহ দেশের প্রায় সব বড় সিঙ্গেল স্ক্রিনে একযুগে চলছে।রীতিমতো দেশের ১২৯টি প্রেক্ষাগৃহে (সিনেমা হল) চলছে আরেক ‘তুফান’।
‘তুফান’ ছবিতে নব্বই দশকের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন মি. খান।রায়হান রাফীর পরিচালনায় সিনেমাটির যৌথ প্রযোজনায় যুক্ত আছে বাংলাদেশের প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- ভারতের মিমি চক্রবর্তী, বাংলাদেশের চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু প্রমুখ।
গত শনিবার ‘তুফান’ সিনেমার ২ মিনিট ৪৯ সেকেন্ডের ট্রেলার প্রকাশ করা হয়।এতে ভক্তদের আগ্রহ-উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
‘তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়- তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস’- চঞ্চল চৌধুরীর কণ্ঠে এই ডায়ালগের মাধ্যমে শুরু হয় ট্রেলারটি। এরপরই অ্যাকশন শুরু। ট্রেলারের প্রতিটি মুহূর্তে বিধ্বংসী এক শাকিব খানকে দেখা যায়।











































