পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় ইংল্যান্ডের

ওয়ানডে সিরিজের ট্রফি নিয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ড দল। ছবি: রয়টার্স

পার্থে সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে হারের ধাক্কা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে অ্যাডিলেডে দাপুটে জয়, আর হোবার্টে শেষ ম্যাচে আরেকবার অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়া।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা ২-১ ব্যবধানে নিজেদের করে নিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের স্বাদ পেল ইংলিশরা। সর্বশেষ ২০১৮ সালে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল তারা। 

আজ হোবার্টে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ড জিতেছে ৯৭ রানে।আগে ব্যাটিং করে বেন ডাকেটের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪৮.৩ ওভারে ৩২৮ রানে অলআউট হয় সফরকারীরা। ১১৫ বলে ১৫ চার ও ৩ ছক্কায় ১৩৩ রান করেন ডাকেট। তার সঙ্গে টম ব্যান্টনের ৪৪ ও উইল জ্যাকসের ৫৯ রানের ইনিংস ইংল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেয়।

Century
ডাকেটের সেঞ্চুরি উদযাপন।

ছবি: সংগৃহীত

জবাবে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। সনি বেকারের বোলিং তোপে ৩৪ রানেই ৩ উইকেট হারায় স্বাগতিকেরা।

ক্যামেরন গ্রিনের চোট অস্ট্রেলিয়ার জন্য আরো বড় ধাক্কা হয়ে আসে। ইনিংসের ২৭তম ওভারে গাস অ্যাটকিনসনের একটি শর্ট বল পুল করতে গিয়ে হেলমেটে আঘাত পান ক্যামেরন গ্রিন। বলটি হেলমেটের গ্রিলে আঘাত করায় তার মুখ দিয়ে রক্ত ঝরতে শুরু করে। ১১ বলে ৩ রানে অপরাজিত থেকে তিনি মাঠ ছাড়েন।

পরে ম্যাট রেনশ (৫৫) ও অ্যালেক্স ক্যারি (৩৭) প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও লাভ হয়নি। ৪৬.৫ ওভারে ২৩১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। গ্রিনের কনকাশন বদলি হিসেবে ব্যাটিং করেন অলিভার পিক। তিনি ৬ বলে ৫ রান করে আউট হন। ইংল্যান্ডের হয়ে বেকার ৪টি ও ডসন ৩টি উইকেট নেন।

green
হেলমেটের গ্রিলে বলের আঘাতে গ্রিনের মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। ছবি: সংগৃহীত

পার্থে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ১৩১ রান ২৩.৩ ওভারে পেরিয়ে যায় স্বাগতিকেরা। এরপর অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে ১৩৫ রানের বড় জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড। সেদিন ৩৫৫ রান করেছিল ইংলিশরা, যা অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডেতে তাদের দলীয় সর্বোচ্চ। 

ম্যাচসেরা হয়েছেন বেন ডাকেট, সিরিজসেরা হয়েছেন তার উদ্বোধনী সঙ্গী টম ব্যান্টন। 

শনিবার (২১ নভেম্বর) শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৪৮.৩ ওভারে ৩২৮ অলআউট (ডাকেট ১৩৩, জ্যাকস ৫৯; এডওয়ার্ডস ৪/৩১)।
অস্ট্রেলিয়া: ৪৬.৫ ওভারে ২৩১ (রেনশ ৫৫, ক্যারি ৩৭; বেকার ৪/৪৫, ডসন ৩/৪২)।
ফল: ইংল্যান্ড ৯৭ রানে জয়ী।
সিরিজ: ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী।

LEAVE A REPLY