ছবি : সংগৃহীত
পার্বত্য অঞ্চল থেকে আগামীতে প্রতিভাবান সাঁতারু খুঁজে পাওয়া যাবে বলে জানান নৌবাহিনীর প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। সোমবার (১৬ নভেম্বর) রাঙামাটির কাপ্তাই হ্রদে আয়োজিত ‘২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
কাপ্তাই হ্রদের মগবান টিলা এলাকা থেকে শুরু হয়ে রাঙামাটি শহীদ মিনার ঘাট এলাকায় এসে শেষ হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা মোট ২০ জন সাঁতারু এতে অংশ নেন। প্রতিযোগিতায় উপস্থিত থেকে নৌবাহিনী প্রধান মিসবাহ জানান, রাঙামাটির কাপ্তাইয়ের এই সুদীর্ঘ লেকে পুরুষদের ১০ কিলোমিটার এবং মেয়েদের ৮ কিলোমিটার দূরত্বের এই দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা উপস্থিত সবাইকে অত্যন্ত অনুপ্রাণিত করেছে। ক্রীড়া অঙ্গনে পার্বত্য চট্টগ্রামের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং সবার অংশগ্রহণ ও উৎসাহে সাঁতারসহ সব খেলাধুলা আরো বহুদূর এগিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় পুরুষ ও নারী বিভাগে ৯ জন করে ১৮ জন এবং স্বাগতিক রাঙামাটি জেলা থেকে দুজন সাঁতারু প্রতিযোগিতায় অংশ নেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু ফয়সাল আহম্মেদ এবং নারী বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর মুক্তি খাতুন।
প্রতিযোগিতা শেষে রাঙামাটি শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।এ সময় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান, জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, চট্টগ্রাম নৌ কমান্ডার জিয়াউল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে জানানো হয়, নদীমাতৃক বাংলাদেশে সাঁতারের প্রসার এবং নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যে বেশ কিছু নতুন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ শীর্ষক প্রতিভা অন্বেষণ কর্মসূচি, জাতীয় বয়সভিত্তিক প্রতিযোগিতা এবং সাঁতারুদের দক্ষতা বৃদ্ধিতে দেশ ও দেশের বাইরে ব্যাপক প্রশিক্ষণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে জেলা ও পুলিশ প্রশাসন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি জেলা পরিষদ, জেলা ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশ নৌবাহিনীর (বিশেষ করে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল ও অধিনায়ক বানৌজা শহীদ মোয়াজ্জেম) সার্বিক সহযোগিতার জন্য আয়োজকদের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।











































