কিছু বলতে না চেয়েও অনেক কিছু বললেন শ্রীধরন

শুরুর আলাপে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কোনো আলোচনায় যেতে চাইলেন না শ্রীধরন শ্রীরাম। দুই দফায় বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করায় সাকিব আল হাসান, নাজমুল হোসেনদের নিয়ে বেশ ভালোই জানাশোনা আছে তাঁর। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্সের প্রসঙ্গ উঠতে নিজের হতাশা লুকাননি শ্রীধরন, ‘আমি জানি না, আসলে সেখানে কী ঘটছে।’

ভারতের সাবেক এই অলরাউন্ডার ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় মাত্র আড়াই মাস বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন।

অল্প সময়ে হয়তো খোলনলচে বদলে দিতে পারেননি, তবে এই সংস্করণে কিছুটা হলেও পরিবর্তনের ছাপ পড়েছিল দলে। অথচ এবারের বিশ্বকাপে একই দলের লড়াইয়ের কোনো মানসিকতা দেখা গেল না। সুপার এইটে প্রথম দুই ম্যাচ বাজেভাবে হারের পরও সেমিফাইনালের রাস্তা খোলা ছিল, কিন্তু আফগানিস্তানের বিপক্ষে নাগালের মধ্যে থাকা সমীকরণ মেলাতে পারেননি ব্যাটাররা। চেষ্টাও দেখা যায়নি।

আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টের সহকারী কোচের দায়িত্বে থাকা শ্রীধরন বলেন, ‘ক্রিকেটের এই সংস্করণটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আগে সবাই চেষ্টা করত ওভারে চার-পাঁচ বল দেখে খেলে বাজে বলগুলোকে শাস্তি দিতে। এটা এখন বাউন্ডারি-নির্ভর হয়ে গেছে।’ বিবর্তিত টি-টোয়েন্টির সঙ্গে মানিয়ে নিতে না পারা বাংলাদেশ দল এখানেই পিছিয়ে পড়ছে বলে মনে করেন তিনি, ‘ব্যাটিংয়ে নামার সঙ্গে সঙ্গে আপনাকে বাউন্ডারির সুযোগ খুঁজতে হবে।

অন্তত এটা নিশ্চিত করতে হবে যে আপনি এই রকম আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিংয়ে নেমেছেন।’ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যা দেখা যায়নি বাংলাদেশের ব্যাটিংয়ে।

LEAVE A REPLY