গোলের দিনেই বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক

২০ বছর বয়সেই বাবা হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিক। ছবি: ইন্সটাগ্রাম

ব্রাজিলের জার্সিতে গোল করার আনন্দের সঙ্গে যোগ হলো জীবনের সবচেয়ে বড় উপহার। 

মাঠে প্রতিপক্ষ সিঙ্গাপুরের জালে বল পাঠানোর দিনেই বাবা হওয়ার সুখবর দিলেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এনদ্রিক।স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্দার কোলজুড়ে এসেছে তাদের প্রথম সন্তান। ছেলের নামও রাখা হয়েছে বাবার নামের সঙ্গে মিলিয়ে—কেনদ্রিক।

গতকাল সিঙ্গাপুরের বিপক্ষে ৭-০ ব্যবধানের জয়ে ব্রাজিলের হয়ে একটি গোল করেন এনদ্রিক। ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোলেও সহায়তা করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।গোলটি তিনি উৎসর্গ করেন স্ত্রী ও নবজাতক ছেলেকে। 

ম্যাচ শেষে স্পোরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বাবা হওয়ার খবরটি জানান এনদ্রিক, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমার স্ত্রী সন্তান জন্ম দিয়েছে। সে অসাধারণ একটি ছেলে, আমার স্ত্রীও খুব খুশি। এই গোলটি তার ও আমার স্ত্রীর জন্য।’

স্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, ‘আমার স্ত্রী খুব শক্ত মনের মানুষ। সন্তান জন্ম দেওয়ার পর তাকে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমি জানি, বিষয়টি সহজ নয়। সে অসাধারণ একজন স্ত্রী।’

এনদ্রিক ও গ্যাব্রিয়েলির পরিচয় ২০২৩ সালে।২০২৪ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন তারা। ২০২৫ সালের জুলাইয়ে মাদ্রিদে আয়োজন করেন বিয়ের অনুষ্ঠান। গ্যাব্রিয়েলির বয়স ২৩ এবং এন্দ্রিকের ২০। অর্থাৎ, স্ত্রী তার চেয়ে ৩ বছরের বড়।

LEAVE A REPLY