মোস্তফা সরয়ার ফারুকী
কোটা সংস্কার আন্দোলনে উত্তাল দেশ। টানা বেশ কয়েক দিন ধরে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন ছয়জন।
আহত হয়েছেন কয়েক শ। এ নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নিজেদের মতামত শেয়ার করছেন। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারাও।
বুধবার (১৭ জুলাই) সকালে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন।
নিজের দীর্ঘ পোস্টে ফারুকী বলেছেন, এই আন্দোলন নাগরিকের সমমর্যাদার জন্য। এই আন্দোলন নিজের দেশে তৃতীয় শ্রেণির নাগরিক হিসেবে না বাঁচার জন্য। এই আন্দোলন রাষ্ট্রক্ষমতায় যারা আছেন তাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে দেশের মালিক তারা না। আসল মালিক জনগণ।
ফারুকীর ভাষ্য মতে, এই আন্দোলন পাবলিক সারভেন্টদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে, আপনি আমার কাছে জবাবদিহি করতে বাধ্য। অল পাওয়ার টু দ্য পিপল। অল পাওয়ার টু দ্য ইয়ুথ। প্রেয়ারস ফর মাই ফেলো সিটিজেনস। শহীদের রক্ত কখনো বিফলে যায় না।
এর আগে কোটা আন্দোলন নিয়ে স্ট্যাটাস দিয়ে সরিয়ে ফেলেছিলেন ফারুকী। যার কারণে বেশ সমালোচনার মুখেও পড়েছিলেন নির্মাতা। সেই প্রসঙ্গ টেনে তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে দালাল হিসেবে উল্লেখ করেছেন। তার ফেসবুকের লেখাগুলো অনেকেই সেভাবে বোঝেনি বলেও উল্লেখ করেছেন ফারুকী। তবে ২০১৩ সাল থেকেই নিজের মতবাদে অটল ছিলেন তিনি। তার মতে, স্বাধীনতাকে প্রশ্ন করতে পারাটাই স্বাধীনতা! আর তিনি সেই দায়িত্ব পালন করেছেন সব সময়।
প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে সাতজন মারা গেছেন। আহত হয়েছেন কয়েক শ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ও তাদের সব কলেজ বন্ধ ঘোষণা করেছে। অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ও (ঢাবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের আজ সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।










































