আলিয়া গর্ভে থাকাকালীন এক দিনে ১০০ সিগারেট খেয়েছিলেন অভিনেত্রীর মা!

সংগৃহীত ছবি

মেয়ে আলিয়া ভাটকে গর্ভে ধারণ করার সময় এক দিনে প্রায় ১০০টি সিগারেট খেয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনি রাজদান! ঘটনাটি ঘটেছিল ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘গুমরাহ’ সিনেমার শুটিংয়ে। সে সময় তিনি জানতেনই না যে অন্তঃসত্ত্বা।সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই বিস্ময়কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী।

‘স্ক্রিন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনয়জীবন ও মাতৃত্বের নানা স্মৃতি তুলে ধরেন সোনি। জানান, স্বামী মহেশ ভাট পরিচালিত ‘গুমরাহ’ সিনেমার একটি দৃশ্যে তাকে ধূমপান করতে হয়েছিল। সেই দৃশ্যের শুটিং করতে গিয়ে এক দিনেই প্রায় ১০০টি সিগারেট খেতে হয় তাকে।যদিও তিনি কখনোই নিয়মিত ধূমপায়ী ছিলেন না। তবে ওই ঘটনার পর কিছুদিন সিগারেটের প্রতি আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। তখনো তার জানা ছিল না, গর্ভে সন্তান ধারণ করেছেন তিনি।

সিনেমাটিতে ফাঁসির একটি দৃশ্যেও অভিনয় করেছিলেন সোনি।এরপর শুটিংয়ে প্রায় পাঁচ মাসের বিরতি পড়ে। বিরতি শেষে কাজে ফিরে বুঝতে পারেন, তার পোশাক আর ঠিকমতো হচ্ছে না। তত দিনে শরীরে মাতৃত্বের লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে। ফলে পোশাকেও প্রয়োজনীয় পরিবর্তন আনতে হয়েছিল।

তবে প্রথমবার মা হওয়ার অভিজ্ঞতা এরও আগে।১৯৮৬ সালে রমেশ সিপ্পি ও জ্যোতি স্বরূপ পরিচালিত টেলিভিশন ধারাবাহিক ‘বুনিয়াদ’-এ অভিনয়ের সময় প্রথম অন্তঃসত্ত্বা হন সোনি। এটিই ছিল টেলিভিশনে তার অভিষেক।

তখন স্বামী মহেশ ভাটের সঙ্গে মুম্বাইয়ের লোখান্ডওয়ালা এলাকায় থাকতেন অভিনেত্রী। এলাকাটি তখনো পুরোপুরি উন্নত হয়ে ওঠেনি। ভোরে শুটিংয়ে যাওয়ার জন্য ট্যাক্সি পাওয়াও ছিল বেশ কঠিন। নিজেদের গাড়ি না থাকায় যাতায়াত নিয়ে সমস্যায় পড়তে হতো তাকে। এমন পরিস্থিতিতে ধারাবাহিকটির নির্মাতা রমেশ সিপ্পি ও তার পরিবার সোনির জন্য গাড়ির ব্যবস্থা করে দিতেন।

সোনির ভাষ্য, সিপ্পি পরিবার তার প্রতি যথেষ্ট আন্তরিক ছিল। ভোর ৬টায় শুটিংয়ে যাওয়ার জন্য গাড়ি পাঠানো হতো। শুটিং সেটেও তার বিশেষ যত্ন নেওয়া হতো। ভালো কক্ষের ব্যবস্থা থেকে শুরু করে প্রয়োজনীয় সহযোগিতা—সবকিছুই নিশ্চিত করতেন তারা।

সাক্ষাৎকারে চলচ্চিত্রশিল্পে কর্মজীবী মা ও অন্তঃসত্ত্বা অভিনেত্রীদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়েও কথা বলেন সোনি। তার মতে, আগের তুলনায় এখন পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। একসময় অভিনেত্রীদের সন্তান থাকার বিষয়টি প্রকাশ করতেও সতর্ক থাকতে হতো। কারণ, সন্তান অসুস্থ হলে শুটিং ছেড়ে চলে যেতে হতে পারে—এমন আশঙ্কায় প্রযোজকেরা উদ্বিগ্ন থাকতেন।

১৯৯৫ সালে মহেশ ভাটের টেলিভিশন ধারাবাহিক ‘আ মাউথফুল অব স্কাই’-এর শুটিংয়ের সময়ের একটি ঘটনাও স্মরণ করেন তিনি। মুম্বাইয়ের সাকি নাকায় শুটিং চলাকালে পেজিং কলের মাধ্যমে জানতে পারেন, তার দুই মেয়ে শাহিন ও আলিয়া বাড়ির বাইরে আটকে পড়েছে। তখন শাহিনের বয়স সাত বছর, আর আলিয়ার মাত্র তিন। শুটিং সেটে থেকেই মেয়েদের নিরাপদে ঘরে ফেরানোর ব্যবস্থা করতে গিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অভিনেত্রী।

বিয়ের পর অভিনয়ের কাজ পাওয়ার ক্ষেত্রেও সমস্যার মুখোমুখি হতে হয়েছিল সোনিকে। তার কথায়, অনেকে মনে করতেন, মহেশ ভাটের স্ত্রী হওয়ার পর তার আর কাজ করার প্রয়োজন নেই। তবে ‘সিনেভিস্তাস লিমিটেড’ তাকে কাজের সুযোগ দিয়ে সহযোগিতা করেছিল। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রেম কিশান মালহোত্রা ও ব্যবস্থাপনা পরিচালক সুনীল মেহতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সোনি বলেন, তারা তাকে পরিবারের সদস্যের মতোই দেখতেন এবং নিয়মিত কাজের সুযোগ করে দিতেন।

অভিনয়, সংসার ও মাতৃত্ব—সবকিছু সামলে নিজের কর্মজীবন এগিয়ে নিতে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে সোনি রাজদানকে। দীর্ঘ সময় পর সেই স্মৃতিগুলোই উঠে এসেছে তার সাম্প্রতিক সাক্ষাৎকারে।

LEAVE A REPLY