‘গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই মত প্রকাশের অধিকার আছে’—রোমারিওর সমালোচনায় আনচেলত্তি

রোমারিও-আনচেলত্তির কুশল বিনিময়ের মুহূর্ত। ছবি : এক্স থেকে

ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ জিতেছেন রোমারিও। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে পরিচিতি তিনি।অন্যদিকে ক্লাব ফুটবলের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। তবে ব্রাজিলের দায়িত্বে এখনো প্রত্যাশা পূরণ করতে পারেননি ইতালিয়ান কোচ। 

জাপানের কাছে ৩-২ গোলে হারের পর তাই আনচেলত্তিকে বরখাস্তের দাবি তুলেছেন রোমারিও। তার সেই সমালোচনার জবাবও দিয়েছেন আনচেলত্তি।

রোমারিওর সমালোচনার জবাবে আনচেলত্তি বলেছেন, ‘এটা মতপ্রকাশের স্বাধীনতা। গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই নিজের মত জানানোর অধিকার আছে। রোমারিও তার মত জানিয়েছেন। সত্যি বলতে, রোমারিও অনেক কথা বলেন।অবশ্য এটা তার অধিকার।’

তবে নিজের কাজ নিয়ে আরো উন্নতির প্রয়োজনও দেখছেন আনচেলত্তি। তার ভাষায়, ‘দলকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে আমাকে আরো কাজ করতে হবে। অনেক দিন ধরেই আমরা প্রত্যাশিত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারছি না।’

রোমারিওর মতে, ক্লাব ফুটবলে আনচেলত্তির সাফল্য থাকলেও ব্রাজিলের দায়িত্বে এখনো নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেননি।সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আনচেলত্তি, অনেক হয়েছে। নিজের ব্যাগ গুছিয়ে বিদায় নিন! আপনার সাফল্য নিয়ে কারো প্রশ্ন নেই। আপনি বিশ্বফুটবলের অন্যতম সেরা কোচ। তবে সেটি ক্লাব ফুটবলে। ব্রাজিল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত আপনি কী করতে পারেন, তা দেখাতে পারেননি। আমরা আর নিতে পারছি না।’

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির জাউদের কাছে রোমারিওর চাওয়া আনচেলত্তিকে যেন বিদায় জানানো হয়। তিনি লিখেছেন, ‘সামির, আপনি একজন তরুণ ব্রাজিলিয়ান। আমি বিশ্বাস করি, আপনি আমাদের ফুটবলের ভালো চান। কিন্তু এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহস দেখানোর সময়। সভাপতি মশাই, আনচেলত্তিকে বিদায় করুন! জাতীয় দলের জার্সি নিয়ে ছেলেখেলা করা যায় না। আমরা এরই মধ্যে অনেক লজ্জার মুখে পড়েছি। আরেকটি বিশ্বকাপ নষ্ট হওয়ার ঝুঁকি নিতে পারি না। ব্যবস্থা নেওয়ার সময় এখনই।’

LEAVE A REPLY