নিরাপত্তার চাদরে মোড়া, জিরো কার্বন উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে অবগুণ্ঠন সরল বহুলপ্রতীক্ষিত গেমসের। ‘অ্যালোন উই গো ফাস্টার, টুগেদার উই গো ফার্দার’। অর্থাৎ, ‘একা একা আমরা দ্রুত যেতে পারি, সংঘবদ্ধভাবে আমরা অনেকদূর যেতে পারি’। বিশ্বের সব মানুষ একসঙ্গে কাজ করলে ধরণিকে কত সুন্দর করে তোলা যায়, সেই বার্তা দিয়ে শুরু হলো প্যারিস অলিম্পিক গেমস। অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া গেমসের উদ্বোধন হলো সিন নদীতে। রঙে-রূপে-রসে টইটম্বুর প্যারিস অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের লাল-সবুজ পতাকা বহন করলেন আরচার সাগর ইসলাম। তার সঙ্গে ছিলেন সাঁতারু সোনিয়া খাতুন। সোনিয়া বাংলাদেশের একমাত্র নারী ক্রীড়াবিদ এই অলিম্পিকে।
শতবর্ষ পর অলিম্পিক গেমস ফিরে আসায় উচ্ছ্বাসের ঢেউ ছুটছে। বর্ণিল আয়োজনে বিশ্বকে চমকে দিয়েছে প্যারিস। অনুষ্ঠানকে মনোমুগ্ধকর করার কোনো ত্রুটি রাখেনি আয়োজকরা। ফ্রান্সের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গেমসের উদ্বোধন করেন। উদ্বোধনী আয়োজনে মার্চপাস্টে প্রথম দল হিসাবে প্যারেড করে অলিম্পিকের জন্ম-দেশ গ্রিস। দ্বিতীয় দল হিসাবে অংশ নেয় শরণার্থী অলিম্পিক দল। স্বাগতিক ফ্রান্স আসে সবার শেষে। আর্জেন্টিনার পতাকা কোনো ফুটবলার বহন করেননি। হকি খেলোয়াড় রকিও সানচেজ মসিয়া ও ভলিবল খেলোয়াড় লুকিয়ানো ডি সেসো। ব্রাজিলের পতাকা বহন করেন রাগবি সেভেনের রাকাউল ও ক্যানো স্প্রিন্টের কুইরেজ। স্বাগতিক ফ্রান্সের পতাকা নিয়ে মার্চপাস্টে আসেন অ্যাথলেটিক্সের মেলিনা রবার্ট মিশন ও সাঁতারু ফ্লোরেন্ট মানাউদু।
দক্ষিণ এশিয়ার মধ্যে অলিম্পিকে পদক ভারতের বেশি। ভারতের পতাকা বহন করেন ব্যাডমিন্টনের পিভি সিন্ধু ও টেবিল টেনিসের শরৎ কামাল। পাকিস্তানের পতাকাবাহী সাঁতারু জাহানারা নবী ও অ্যাথলেট আরশাদ নাদিম। অলিম্পিকে সবচেয়ে বেশি পদক আমেরিকা, চীন, ভারত ও জাপানের। আমেরিকার পতাকা ছিল টেনিস খেলোয়াড় কোকো গওফ ও বাস্কেটবল খেলোয়াড় লেবরন জেমসের হাতে। অস্ট্রেলিয়ার হকি খেলোয়াড় ইডি ওকেনডেন ও ক্যানো স্যালমের জেসিকা ফক্স এবং গ্রেট ব্রিটেনের ডাইভিংয়ের থমাস ডালে ও রোইংয়ের হেলেন গ্লোভারের হাতে।
১৮৯৬ সালে শুরু আধুনিক অলিম্পিকের ৩৩ আসরের ডিসিপ্লিনগুলো ছিল-থ্রি নট থ্রি বাস্কেটবল, সেইলিং, সাইক্লিং ( ট্র্যাক), আর্টিস্টিক জিমন্যাস্টিক্স, স্কেট বোডিং, ইকুয়েস্টিং, অ্যাথলেটিক্স, সার্ফিং, ফুটবল, বাস্কেটবল, টেবিল টেনিস, হ্যান্ডবল, বক্সিং, টেনিস, জুডো, ক্যানন স্যালম, ট্রায়অ্যাথলন, মর্ডান প্যান্ডাথলন, সাইক্লিং ফ্রি স্টাইল, ওয়াটারপোলো, রোইং, সাইক্লিং (মাউন্টেনবাইক), রেসলিং, সাইক্লিং রোড, আরচারি, শুটিং, ডাইভিং, আর্টিস্টিক সুইমিং, ক্লাইম্বিং, ফেন্সিং, ব্যাডমিন্টন, সুইমিং, গলফ, বিচ ভলিবল, তায়কোয়ান্দো, হকি, ব্রেকিং, ট্রাম্পলিন জিমন্যাস্টিক্স, ম্যারাথন।











































