‘ছাত্র আন্দোলন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না’

ববিতা। ছবি : সংগৃহীত

কভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দেশবরেণ্য অভিনেত্রী ববিতা। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার করোনা নেগেটিভ হয়। এরপর চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় ফিরেছেন। আজ সন্ধ্যার খানিক পরে কথা বলেছেন কালের কণ্ঠ’র সঙ্গে।

আপনি অসুস্থ ছিলেন বেশ কিছুদিন। এখন কেমন আছেন?

হঠাৎ করে কভিডে আক্রান্ত হয়েছিলাম। পাঁচ দিনের মতো হাসপাতালে ছিলাম। সবার দোয়ায় এখন খানিকটা সুস্থ।

তবে শরীর অনেক দুর্বল। আস্তে-ধীরে সেটা কমছে। দেখা যাক।

আপনি বেশির ভাগ সময় দেশের বাইরে থাকেন।

হ্যাঁ, আমার ছেলে থাকে কানাডায়। ওর সঙ্গে থাকতে হয়। এ কারণেই যাওয়া-আসা করি। তবে এবার অনেক দিন ছিলাম দেশে। আবার যাওয়ার সময় হয়েছে।

কবে যাচ্ছেন?

একটু সুস্থ হলেই। আর হয়তো সাত-আট দিন থাকব। তারপরই চলে যাব। ছেলের ওখানে কিছুদিন থেকে তারপর আমেরিকায় যাব। সেখানে আমার ভাইয়েরা আছে। ওদের সঙ্গে কিছুদিন কাটাব। তারপর আবার দেশে ফিরব। তা-ও ধরেন দু-তিন মাস থাকব বাইরে। 

আপনাকে অনেক দিন অভিনয়ে বা পর্দায় দেখা যায়নি। আপনার কাছে কি অভিনয়ের প্রস্তাব যায় না?

অভিনয়ে দেখা যায় না কারণ, আমার উপযোগী চরিত্রের কি কোনো কাজ হচ্ছে এখন? বা আমাদের নিয়ে কেউ ভাবে? সে রকম কিছু হয় না বলেই তো আর দেখা যায় না। সে রকম করে ভাবলে, আমার উপযোগী কোনো চরিত্র পেলে আবার হয়তো অভিনয়ে দেখা যাবে। কিন্তু সেটা কবে হবে আমরা কেউই জানি না।

দেশের বাইরে আপনার বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা শোনা যায়।

না। নাচ-গানের কোনো অনুষ্ঠানে আমাকে দেখা যায় না। খুব করে ধরলে বা অনুরোধ করলে হয়তো সম্মানজনক কোনো অনুষ্ঠানে হাজির হই। এর বাইরে পুরোটা সময় আমি পরিবারের সঙ্গেই কাটাই। পড়াশোনা করি। সিনেমা দেখি। ছেলের সঙ্গে সময় কাটাই। এই তো।

আপনি নিশ্চয়ই অবগত আছেন দেশে ছাত্রদের একটা আন্দোলন চলছে। সে বিষয়ে আপনার মন্তব্য কী?

আমি হাসপাতালে থাকার সময় থেকে এই আন্দোলনের কথা শুনেছি। বাসায় আসার পর কিছুটা জেনেছি। তবে এসব বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।

LEAVE A REPLY