রয়টার্স ছবি
জীবাশ্ম জ্বালানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের বৈশ্বিক উদ্যোগে নিজ নিজ দেশের আর্থসামাজিক বাস্তবতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। দেশটির মতে, কয়লানির্ভর লাখো মানুষের কর্মসংস্থান ও জীবিকার বিকল্প নিশ্চিত না করে দ্রুত জ্বালানি রূপান্তর করা হলে তা বড় ধরনের সামাজিক ও অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে।তাই প্রতিটি দেশের নিজস্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে জ্বালানি রূপান্তরের পথ নির্ধারণ করতে হবে।
তুরস্কের আনতালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ ভারতের এ অবস্থান তুলে ধরেন দেশটির পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। ১৬ নভেম্বর তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন, জাতীয় সার্বভৌমত্ব ও ভিন্ন ভিন্ন বাস্তবতাকে সম্মান জানিয়ে একটি দুই স্তরবিশিষ্ট, দেশগুলোর নির্দেশনাভিত্তিক ব্যবস্থা কার্যকর করতে চায় ভারত।
ভূপেন্দ্র যাদবের মতে, সব দেশের ওপর একই ধরনের বাধ্যবাধকতা চাপিয়ে দিয়ে কিংবা শিল্পভিত্তিক অভিন্ন নির্দেশনা তৈরি করে জ্বালানি রূপান্তর সম্ভব নয়।এ ক্ষেত্রে কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, জলবায়ু অভিযোজন, দারিদ্র্য বিমোচন, জ্বালানির সহজলভ্যতা ও টেকসই উন্নয়নকে একসঙ্গে বিবেচনা করতে হবে। এ জন্য উন্নয়নশীল দেশগুলোকে পর্যাপ্ত অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়নে সহায়তা দেওয়ার প্রয়োজন।
এক প্রতিবেদনে দ্য ডিপ্লোমেট বলছে, ভারতের এ অবস্থানের পেছনে রয়েছে দেশটির কয়লানির্ভর অর্থনীতি ও বিপুলসংখ্যক মানুষের জীবিকার প্রশ্ন। দেশটির নীতি আয়োগের ২০২৬ সালের ফেব্রুয়ারির এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়লাখনি ও তাপবিদ্যুৎকেন্দ্রের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৫ লাখ আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কর্মী যুক্ত।কয়লানির্ভর সরবরাহব্যবস্থা, পরিবহন ও সেবাখাতেও বিপুল মানুষের জীবিকা নির্ভরশীল।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের এক-তৃতীয়াংশ জনগোষ্ঠীর জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবাশ্ম জ্বালানির সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত। দেশটির ১৫০টির বেশি জেলা এ খাতের ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল।
এর মধ্যে কয়লাখনিতে প্রায় ৩ লাখ ৪৫ হাজার আনুষ্ঠানিক কর্মী রয়েছেন। এর বাইরে অনানুষ্ঠানিক শ্রমিকের সংখ্যা অন্তত দ্বিগুণ।২০৩০ সালের মধ্যে প্রায় ১ লাখ ৭৮ হাজার আনুষ্ঠানিক খনিশ্রমিকের কর্মসংস্থান ঝুঁকিতে পড়তে পারে।
এদিকে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ভারতের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় জীবাশ্ম জ্বালানির অংশ কমছে। ২০১৫-১৬ সালে মোট ৩০৫ গিগাওয়াট সক্ষমতার মধ্যে কয়লার অংশ ছিল ৬১ দশমিক ৫ শতাংশ। ২০২৬ সালের ৩১ অক্টোবর তা কমে প্রায় ৪০ শতাংশে দাঁড়িয়েছে। তবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশটি এখনো দেশজুড়ে কয়লা ব্যবহার বন্ধের কোনো তাৎক্ষণিক ঘোষণা দেয়নি।
কয়লাখনিতে কর্মরত শ্রমিকদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ রয়েছে। ওডিশায় পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৭৯ শতাংশ শ্রমিক মনে করেন, কয়লাখনির বাইরে কাজ করলে তাঁদের আয় কমে যাবে। প্রায় অর্ধেক শ্রমিক বিকল্প কর্মসংস্থানের জন্য অন্যত্র যেতে চান না। তাদের ৭৩ শতাংশ কাজ করতে করতেই দক্ষতা অর্জন করেছেন।
এ ছাড়া কয়লানির্ভর রাজ্য ওডিশার রাজস্ব আয়ের ১৩ দশমিক ১ শতাংশ আসে কয়লা ও পেট্রোলিয়াম খাত থেকে। ফলে এ খাতের সংকোচন কর্মসংস্থানের পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করতে পারে।
ভারত খনি বন্ধের ক্ষেত্রে কিছু পুনর্বাসন ও জীবিকা সহায়তা কাঠামো চালু করলেও সেগুলো এখনো প্রাথমিক পর্যায়ে। বিশেষজ্ঞদের মতে, শ্রমিকদের সামাজিক সুরক্ষা, বিকল্প কর্মসংস্থান ও অর্থনৈতিক পুনর্বাসন নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়নসহ একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। তা না হলে জ্বালানি রূপান্তরের সুফলের পাশাপাশি বড় জনগোষ্ঠীকে এর মূল্যও দিতে হতে পারে।











































