মুক্তির ১৩ বছর পর ভক্তের ভিডিওতে বিলবোর্ডে বেস্টির ‘লাভ অপশনস’

মুক্তির ১৩ বছর পর ভক্তের তৈরি একটি ভিডিও ঘিরে নতুন করে আলোচনায় এসে বিলবোর্ডের তালিকায় জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়ার কে-পপ গার্ল গ্রুপ বেস্টির গান ‘লাভ অপশনস’। বিলবোর্ডের ২১ নভেম্বর প্রকাশিত গ্লোবাল ২০০ তালিকার ১৪৫তম স্থানে অভিষেক করেছে গানটি।

ব্রেভ ব্রাদার্সের লেখা ও সুর করা এই ড্যান্স ট্র্যাকটিতে প্রেমের ক্ষেত্রে একজন নারীর নানা প্রত্যাশা মজার ছলে ফুটে উঠেছে। গত ২৮ জুলাই এসএম এন্টারটেইনমেন্টের গার্ল গ্রুপ হার্টসটু হার্টসের একটি পরিবেশনার ভিডিওতে এক ভক্ত ‘লাভ অপশনস’-এর অডিও যুক্ত করে প্রকাশ করলে তা টিকটক, ইনস্টাগ্রাম রিলস ও ইউটিউব শর্টসে ছড়িয়ে পড়ে।

এরপর ১৭ অক্টোবর গানটি প্রকাশের ১৩ বছর পূর্তির দিনে পুনর্মিলনের ঘোষণা দেয় বেস্টি। দীর্ঘ বিরতি শেষে এমবিসির ‘শো! মিউজিক কোর’ ও দক্ষিণ কোরিয়ার তিনটি প্রধান সম্প্রচারমাধ্যমের অনুষ্ঠানে একসঙ্গে গানটি পরিবেশন করেন চার সদস্য হাইয়েওন, ইউজি, দাহে ও হ্যারিয়ং।

নতুন করে জনপ্রিয়তার ধারাবাহিকতায় গত সোমবার দক্ষিণ কোরিয়ার মেলন টপ ১০০ তালিকায় পঞ্চম স্থানে উঠে আসে গানটি। এ ছাড়া বিলবোর্ড জাপানের হিটসিকার্স সংস চার্টে শীর্ষস্থান, চীনের কিউকিউ মিউজিকে শীর্ষ পাঁচ এবং তাইওয়ানে স্পটিফাই, অ্যাপল মিউজিক ও আইটিউনসের তালিকায় প্রথম স্থানে জায়গা করে নেয় ‘লাভ অপশনস’।

২০১৩ সালে যাত্রা শুরু করা বেস্টি আর্থিক সংকটের কারণে ২০১৮ সালে কার্যক্রম বন্ধ করে দেয়। তবে এর আগে কে-পপে এক্সআইডির ‘আপ অ্যান্ড ডাউন’ এবং ব্রেভ গার্লসের ‘রোলিন’ গান দুটিও একইভাবে পুরোনো ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে চার্ট সাফল্য পেয়েছিল।

সূত্র: কোরিয়া টাইমস

LEAVE A REPLY