সংগৃহীত ছবি
অনেক ছবিতেই কাজ করেছেন কিন্তু সেভাবে সাফল্য আসেনি তার। তার ক্যারিয়ারে সফল ছবির সংখ্যা হাতে গোনা। বলছি বলিউডের কিংবদন্তি গায়ক মুকেশের পৌত্র নীল নিতিন মুকেশের কথা।
সম্প্রতি নিউ ইয়র্ক বিমানবন্দরে একটি অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন নীল।
যেখানে তাকে ইমিগ্রেশন অফিসার আটক করেছিল, তার ভারতীয় পাসপোর্ট ঘিরেই তৈরি হয় বিতর্ক। অভিনেতা যে ভারতীয় সেটাই বিশ্বাস করতে পারেননি তারা।
ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘটনার স্মৃতিচারণ করে নীল নিতিন মুকেশ বলেন, আমি যখন নিউ ইয়র্ক সিনেমাটি করছিলাম সেসময়ই নিউ ইয়র্ক বিমানবন্দরে আমাকে আটক করা হয়েছিল। তারা বিশ্বাস করতে অস্বীকার করেছিল যে আমি ভারতীয়।
আমার কাছে ভারতীয় পাসপোর্ট ছিল, তবুও। আমাকে আটক করা বেশ বড় খবর হয়ে দাঁড়িয়েছিল। এমনকি তারা আমাকে উত্তর দিতে বা নিজের স্বপক্ষে কিছু বলতেও দেয়নি।
অভিনেতার কথায়, জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।নীল জানান যে তার পরিচয় স্পষ্ট করার অনুমতি দেওয়ার আগে তাকে প্রায় চার ঘন্টা আটকে রাখা হয়েছিল।
এরপর নীল বলেন, চার ঘণ্টা পর তারা এসে জিজ্ঞেস করল, ‘তোমার কী বলার আছে?’ আমি শুধু বললাম, ‘শুধু আমাকে গুগল করুন। তখন তারা এতটাই বিব্রত হয় যে তারা আমাকে আমার উত্তরাধিকার, আমার ঠাকুর্দা এবং আমার বাবা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে।’
সম্প্রতি নীলকে দেখা যাচ্ছে অ্যাকশন কমেডি ‘হিসাব বারাবার’-এ। অশ্বিনী ধীর পরিচালিত এই ছবিতে আর মাধবনের পাশাপাশি অভিনয় করেছেন কীর্তি কুলহারি, রেশমি দেশাই এবং ফয়জল রশিদ।











































