২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্বের সব যুদ্ধ বন্ধের দিকে মনোযোগ দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ‘ব্রাইটবার্ট নিউজ নেটওয়ার্ক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে ইরাকের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্ব রাজনীতির একজন ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘ট্রাম্পের সেই সক্ষমতা রয়েছে যার মাধ্যমে তিনি ইরানে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবসান ঘটাতে পারেন।’ এর ফলে শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বরং সমগ্র বিশ্বে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নিজার আমেদি আরো বলেন, আমি চাই তিনি নির্বাচিত হওয়ার সময়কার তার প্রথম প্রতিশ্রুতিতে ফিরে যান।
তার সেই প্রতিশ্রুতি ছিল সব যুদ্ধের অবসান ঘটানো—তা রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধই হোক কিংবা বিশ্বের অন্য যেকোনো প্রান্তের যুদ্ধ।
উল্লেখ্য, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে বিশ্বজুড়ে চলমান বিভিন্ন সংঘাত ও যুদ্ধ দ্রুত বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।










































