মানববন্ধনে অংশ না নেওয়ায় ক্ষুব্ধ হেলাল খান, হঠাৎ উত্তপ্ত এফডিসি

সন্ত্রাসীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এফডিসি ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের উদ্যোগে আজ রবিবার দুপুরে এফডিসি প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে অংশ না নেওয়ায় চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কয়েকজনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ও বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর আহবায়ক হেলাল খান।

রবিবার দুপুরে এফডিসি প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বলসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকে। তবে এফডিসিতে উপস্থিত থাকলেও মানববন্ধনে অংশ নেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির আরও কয়েকজন সদস্য।

এ বিষয়টি নিয়েই ক্ষুব্ধ হন হেলাল খান।

মানববন্ধন শেষে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ের সামনে গিয়ে জয় চৌধুরীসহ কয়েকজনকে দেখতে পান তিনি। এরপর তাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেতা। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ। এ সময় উত্তেজিত কণ্ঠে তাদের  ‘ফ্যাসিস্ট’ ও  ‘স্বৈরাচারের দোসর’ বলে মন্তব্য করতে শোনা যায় তাকে।

হেলাল খানের অভিযোগ, এফডিসিতে উপস্থিত থাকার পরও তারা কেন মানববন্ধনে অংশ নেননি, সেটিই তার ক্ষোভের মূল কারণ। জয় চৌধুরীর উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘তুই একটা ফ্যাসিস্ট। স্বৈরাচারের দোসর। যে কারণে অনুষ্ঠানে যাসনি তোরা।’

এ ছাড়াও তিনি আরো বলেন, ‘এখানে যারা ছিল সবগুলো ফ্যাসিস্ট।

ঘটনাকে কেন্দ্র করে এফডিসি প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

LEAVE A REPLY