অনুরাগ কাশ্যপ
মাস দুয়েক আগেই বলিউড ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন অনুরাগ নির্মাতা অনুরাগ কাশ্যপ। সেইসময় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিবেশ এবং কাজের ধরন নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন। আর এবার বলিউড ছেড়ে দিচ্ছেন এ গুণী পরিচালক। পাকাপাকিভাবে জড়াতে চলেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে।
সম্প্রতি এক বলিউড সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ জানিয়েছেন, ‘আমি ফিল্মি লোকজনদের থেকে শতহস্ত দূরে থাকতে চাই। ইন্ডাস্ট্রিটা এত টক্সিক হয়ে গিয়েছে। সকলে অলীক একটা লক্ষ্যের দিকে ছুটছে। সকলের ৫০০-৮০০ কোটি টাকার ব্যবসা চাই।
’
সৃজনশীল পরিবেশ একেবারে নেই বলিউডে। জানা গেছে, মুম্বাই ছেড়ে এখন থেকে বেঙ্গালুরুতেই থাকবেন অনুরাগ। মাস দুয়েক আগে বলিউডের বিরুদ্ধে বিষোদগার করার পরই তিনি নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সৃজনশীল ভাবনায় তিনি মুগ্ধ।
তাঁর কথায়, ‘দক্ষিণের কাজ দেখলে আমার হিংসে হয়। আমার পক্ষে এখন আর বাইরে গিয়ে এক্সপেরিমেন্ট করা সম্ভব নয়।’
এর আগে, গত ডিসেম্বর মাসেই অনুরাগ কাশ্যপ জানিয়েছিলেন, ‘যতদিন যাচ্ছে বলিউড আমাকে হতাশ করছে। এই ইন্ডাস্ট্রির কাজ দেখে ক্লান্ত। ইদানিং সিনেমা তৈরির আগেই কীভাবে সিনেমাকে বেঁচতে হবে, প্রযোজকদের মাথায় সেই চিন্তা ঘোরে।
সিনেমা তৈরির মধ্যে যে আনন্দ রয়েছে, তা কোথাও গিয়ে মিসিং। এই ধরনের বিষয় আমার বিরক্ত লাগে।’
বর্তমানে মালয়ালাম থ্রিলার সিনেমা ‘ফুটেজ’-এর প্রচারে ব্যস্ত কাশ্যপ। সিনেমাটি তারই প্রডাকশনে নির্মিত। মাঞ্জু ওয়ারিয়র অভিনীত সিনেমাটি গত আগষ্টে দক্ষিণে মুক্তি পেয়েছে। ৭ মার্চ মুক্তি পাচ্ছে হিন্দি সংস্করনে। এছাড়াও সামনে দক্ষিণী সিনেমা ‘ডেকয়েট’-এ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে অনুরাগ কাশ্যপকে।











































