এবার খুলনা নগর ভবনে পেট্রল বোমা নিক্ষেপ

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের বাইরের সড়ক থেকে সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করা হয়।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। পরে তারা ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রল বোমাটি নিক্ষেপ করে। সেখানে কাঠ বা কাগজের মতো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি।

কিছুক্ষণ জ্বলার পর আগুন নিভে যায়। ঘটনাস্থলের অদূরের দেয়ালে ‘যুবলীগ’ লেখা দেখা গেছে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

পেট্রল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর পড়েছিল। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। শুধু সিঁড়িতে সামান্য দাগ পড়েছে। যে মোটরসাইকেল থেকে পেট্রল বোমাটি নিক্ষেপ করা হয়েছে, সেটি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

LEAVE A REPLY