শাকিব খান ও মুন্না খান
“শাকিব খান আমাদের সুপারস্টার, শাকিব ভাইকে টপকানোর ক্ষমতা বর্তমানে এ দেশের কারো নেই। যদি আমি দেশে থাকি তবে আমি মুন্না খান মাল্টিমিডিয়ার সব সদস্যকে নিয়ে সিনেমা হলে গিয়ে ‘বরবাদ’ সিনেমা দেখব। আমি নিজেও একজন শাকিবিয়ান। এ পর্যন্ত শাকিব ভাইয়ের যতগুলো ছবি মুক্তি পেয়েছে সবগুলো আমার দেখা হয়েছে।
”
কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে কথাগুলো বলেছেন চিত্রনায়ক ও ‘মুন্না খান মাল্টিমিডিয়া’র কর্ণধার মুন্না খান। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো এবং নিজের সমসাময়িক ব্যস্ততা নিয়ে কথা বলেছেন এ অভিনেতা। তার মতে, এবার ঈদে বেশ কিছু সিনেমা ভালো করবে। সেগুলো প্রেক্ষাগৃহে গিয়ে দেখার প্রত্যাশাও জানান তিনি।
এবারের ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলোর ব্যাপারে তিনি বলেন, ‘এই ঈদে যতগুলো সিমেমা রিলিজ হবে এর মধ্যে অন্যতম বরবাদ, জংলি, দাগি, জ্বিন ৩। আমি চেষ্টা করব সবগুলো সিনেমা হলে গিয়ে দেখার। কারণ সবগুলো সিনেমাই বিগ বাজেটের এবং বড় বড় ভালো প্রডাকশন হাউস থেকে রিলিজ হয়েছে।’
তার অভিনীত সিনেমা রিলিজের বিষয়ে তিনি বলেন, “এই রোজার ঈদে আমার কোনো সিনেমা রিলিজ হচ্ছে না।
তবে আমার প্রথম ওয়েব ফিল্ম ‘পাওয়ার অব লাভ’ আগামী ২৬ মার্চ মুক্তি পেতে চলছে। আগামী ১৫ এপ্রিল থেকে আমার ‘তছনছ’ মুভির শুটিং শুরু হবে। স্বনামধন্য পরিচালক বদিউল আলম খোকনের পরিচালনায় রোমান্টিক অ্যাকশন ঘরানার এই সিনেমায় আমার বিপরীতে অভিনয় করবেন দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। আগামী কুরবানির ঈদে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
সিনেমায় দেশীয় চিত্রনায়িকাদের নেওয়ার বিষয়ে মুন্না বলেন, ‘প্রথমে আমাদের দেশের নায়িকাদের কাছেই গল্প উপস্থাপন করা হবে ওনারা যদি গল্প পছন্দ করেন তাহলে ওনাদের নেওয়া হবে।
না হলে আমাদের ভারতীয় নায়িকাদের ওপরই নির্ভর থাকতে হবে। তবে এ ক্ষেত্রে বিষয়টা নির্ভর করে প্রডাকশন হাউসের ওপর।’
দর্শকদের উদ্দেশে মুন্না খান বলেন, ‘আমাদের বাংলা সিনেমাকে বাঁচাতে হলে আপনারা বেশি বেশি হলে গিয়ে সিনেমা দেখেন। বাংলা সিনেমার কদর বেড়ে গেলে আমাদের দেশের বড় বড় প্রডাকশন হাউস সিনেমা নির্মাণ করতে আগ্রহী হবে।’
নিজের অভিনয় আর প্রযোজনা নিয়ে মুন্না বলেন, ‘টাকা থাকলে প্রযোজক হওয়া যায় কিন্তু টাকা দিয়ে অভিনেতা হওয়া যায় না। অভিনয় করতে হলে অভিনয়ের দক্ষতা আর মনমানসিকতা থাকতে হবে।’
এ প্রজন্মের চিত্রনায়ক কাতারপ্রবাসী ব্যবসায়ী মুন্না খান। শতাধিক মিউজিক্যাল ফিল্মে মডেল হিসেবে অভিনয় করেছেন তিনি। গান লিখেছেন পঞ্চাটিরও বেশি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এতে তার বিপরীতে কাজ করেছেন ওপার বাংলার নায়িকা কৌশানী মুখার্জি। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় আরেকটি সিনেমা ‘রুখশার’-এর ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। বর্তমানে মুন্না খান মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য সিনেমা বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’। একই ব্যানারে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘দি পাওয়ার অব লাভ’। এর মাধ্যমে প্রথমবার ওয়েবের দুনিয়ায় নাম লেখাতে যাচ্ছেন মুন্না খান। মাহফুজ রহমান রাজ রচিত এবং পরিচালিত ওয়েব ফিল্মটি শিগগিরই মুক্তি পাবে।









































