মেসির অনুজ্জ্বল দিনে হেরেছে মায়ামি

দলের হার এড়াতে পারেননি মেসি। ছবি : এএফপি

চোট কাটিয়ে ফিলাডেলফিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে বদলি নেমেই ইন্টার মায়ামির জয়ের নায়ক ছিলেন লিওনেল মেসি। কিন্তু আজ পুরো ৯০ মিনিট খেলেও দলকে জয় এনে দিতে পারেননি দলের অধিনায়ক।

উল্টো অধিনায়ক মেসির অনুজ্জ্বল দিনে হার দেখেছে মায়ামি। কনকাক্যাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলস এফসির কাছে ১-০ গোলের হার দেখেছে মায়ামি।

৫৭ মিনিটে জয়সূচক গোলটি করেছেন নাতান ওর্দাজ। গোলটিও ছিল দেখার মতো। ২৪ গজ দূর থেকে দর্শনীয় এক শটে বলকে জালে জড়ান ২১ বছর বয়সী মার্কিন ফরোয়ার্ড। ৬ মিনিট পর ব্যবধানটা আরো বাড়তে পারত।

তবে টিমেথি টিলম্যানের নিশ্চিত গোল গোল লাইন থেকে বাঁচিয়ে দেন মায়ামির ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন। অন্যথা, মায়ামির হারটি ২-০ হতে পারত। এতে অপরাজিত থাকার যাত্রাটা থেমে গেল কোচ হাভিয়ের মাচেরানোর। ১০তম ম্যাচে এসে হার দেখলেন আর্জেন্টিনার কোচ।

পুরো ম্যাচে তিনটি ফ্রিক নেওয়ার সুযোগ পান মেসি। তাতে অবশ্য দলকে সমতায় ফেরাতে পারেননি আটবারের ব্যালন ডি’অর জয়ী। দুটি বারের ওপর দিয়ে মারেন। আরেকটি সরাসরি প্রতিপক্ষের গোলরক্ষক হুগো লরিসের হাতে যায়। শেষ দিকে একক ঝলকে দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন মেসি।

তবে মেসির নেওয়া বাঁ পায়ের শটটিতে জোর না থাকায় ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপজয়ী গোলরক্ষক লরিসের বলটা তালুবন্দী করতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। মেসির মতো অন্যরাও নিষ্প্রভ থাকায় ম্যাচ শেষে হারই সঙ্গী হয়েছে মায়ামির। সেমিফাইনালে ওঠার আশা অবশ্য এখনো শেষ হয়ে যায়নি তাদের। আগামী রোববার দ্বিতীয় লেগে দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে জয় পেলেই শেষ চারে যাওয়ার সুযোগ পাবেন মেসিরা।

LEAVE A REPLY