নাশকতা ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে একের পর এক সেবা সীমিত করা হচ্ছে। জেলার বেশির ভাগ গ্রাহকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে সহিংসতার জেরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রমও এখনো স্বাভাবিক হয়নি। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত সরকারি বরাদ্দ ছাড় স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার (২৫ নভেম্বর) রাতে সরকারের নির্দেশনার পর গোপালগঞ্জে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগ ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে বিকাশ, নগদ ও রকেটের অনেক গ্রাহক টাকা উত্তোলন, পাঠানোসহ জরুরি লেনদেন করতে গিয়ে বিপাকে পড়েন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের দাবি, পুলিশের তদন্তে সম্প্রতি ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে গোপালগঞ্জে অস্বাভাবিক পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জেলার কিছু ব্যক্তি সেখানে আশ্রয় নিয়েছেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে। ভবিষ্যতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে এসব অর্থ ব্যবহারের আশঙ্কায় সাময়িকভাবে মোবাইল ব্যাংকিং সেবা সীমিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, আইন অনুযায়ী সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে এমএফএস প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট হিসাব বন্ধ করতে পারে। সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের কিছু হিসাবে স্বাভাবিকের তুলনায় বেশি সন্দেহজনক লেনদেন হওয়ায় সেগুলো বন্ধ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সেবা পুনরায় চালুর কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার গোপালগঞ্জ শহরের বিভিন্ন এজেন্টের দোকানে গ্রাহকদের ভিড় দেখা যায়। লঞ্চঘাট এলাকার হাফিজ টেলিকমের স্বত্বাধিকারী মোহাম্মদ হাফিজ খান মোল্লা জানান, বৃহস্পতিবার সকাল থেকে অ্যাকাউন্ট বন্ধের সমস্যা নিয়ে অন্তত ৩০০ থেকে ৪০০ গ্রাহক তাঁর দোকানে এসেছেন। তাঁদের অনেকেই লেনদেন করতে না পেরে হতাশ হয়ে ফিরে গেছেন।
স্থানীয় বাসিন্দা ধীমান বিশ্বাস তাঁর বোন সাথী বিশ্বাসের পাঠানো দুই হাজার টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্ট বন্ধ দেখতে পান। অন্যদিকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ তামান্না তাহা রকেট অ্যাকাউন্ট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের ফি দিতে না পেরে দুশ্চিন্তায় পড়েন। শুক্রবার ছিল আবেদনের শেষ দিন। ঢাকায় কর্মরত গোপালগঞ্জের বাসিন্দা কাজী আকাশও জানান, হঠাৎ তাঁর বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। হেল্পলাইনে যোগাযোগ করলে তদন্তের স্বার্থে নম্বরটি বন্ধ রাখার কথা জানানো হয়। তবে কোনো অবৈধ বা সন্দেহজনক লেনদেনে জড়িত নন বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, গত ১৫ নভেম্বরের সহিংসতার পর থেকেই জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যোগাযোগব্যবস্থায় অচলাবস্থা তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, ওই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশি অস্ত্র নিয়ে মহড়া দেন। এ সময় পুলিশের সাঁজোয়া যানে আগুন, পুলিশ বক্স ও স্মৃতিস্তম্ভ ভাঙচুর এবং তিনজন বিএনপি সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এরপর ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এতে থানা দুটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আপাতত গোপালগঞ্জ সদর থানা থেকে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে পুড়ে যাওয়া থানা দুটি পুনরায় চালু করতে আরও সময় লাগবে।
এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য নির্ধারিত চার কিস্তির বরাদ্দের মধ্যে জানুয়ারি থেকে মার্চ মেয়াদের তৃতীয় কিস্তির অর্থ আপাতত গোপালগঞ্জে ছাড় করা হবে না।
এ পরিস্থিতিতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নামে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সব থানা ও ট্রেন চালু, উন্নয়ন বরাদ্দ নিশ্চিত এবং নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করবে না। তবে জনগণের জানমাল রক্ষায় প্রয়োজন হলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজে হামলা না চালানোর জন্য জেলার সব শ্রেণির গ্রাহকের প্রতি আহ্বান জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। জেলার নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানান, গত ১৯ নভেম্বর শতাধিক ব্যক্তি তাঁদের কার্যালয়ে প্রবেশ করলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভবিষ্যতে এ ধরনের হামলা হলে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
নিরাপত্তার কারণে গত ১৯ নভেম্বর থেকে ঢাকা-খুলনা রুটের জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেস চলাচল বন্ধ রয়েছে। এসব ট্রেনের বিকল্প হিসেবে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে এক জোড়া নতুন ট্রেন চালুর প্রস্তাব দিয়েছে রেলওয়ের পশ্চিমাঞ্চল।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো প্রস্তাবে ২৮ নভেম্বর থেকে নতুন ট্রেন চালুর কথা বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ট্রেনটি খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বেলা ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ফিরতি পথে বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে। সোমবার সাপ্তাহিক ছুটি রেখে সপ্তাহে ছয় দিন চলাচলের প্রস্তাব রয়েছে। এই রুট কার্যকর হলে ট্রেন দুটি গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশনের ওপর দিয়ে চলাচল করবে না।










































