বন্দর আব্বাসের পর এবার ইরানের ঐতিহাসিক শহর ইসফাহানের একটি গুদামে বিস্ফোরণ ঘটেছে।বুধবার সকালের এ ঘটনায় একজন নিহত এবং ২ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে ইরানি কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা মেহের জানিয়েছে, বিস্ফোরণের পরপরই দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স ও উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং জনসাধারণকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।
তবে এখনো পর্যন্ত এই বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত শিল্পগুদামের বিস্ফোরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ইসফাহান শহরটি ইরানের শিল্প ও সামরিক উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। এটি পারমাণবিক গবেষণা এবং সামরিক জোন হিসেবেও গুরুত্বপূর্ণ। যে কারণে অতীতেও শহরটি আন্তর্জাতিক মনোযোগ আকৃষ্ট করেছে।
তবে প্রাথমিক রিপোর্টে এ বিস্ফোরণের সামরিক বা পারমাণবিক সংযোগ নেই বলে অনুমান করা হচ্ছে।










































