ওয়াসিমুল বারী রাজীব
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে খলনায়ক হিসেবে যেসব অভিনেতা দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন, তাদের অন্যতম ওয়াসিমুল বারী রাজীব। পর্দায় তার গম্ভীর কণ্ঠ, তীক্ষ্ণ সংলাপ আর ভয়ংকর উপস্থিতি দর্শকের মনে তৈরি করত আলাদা এক প্রভাব।তবে শুধু খলচরিত্রেই সীমাবদ্ধ ছিলেন না তিনি। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন এই অভিনেতা। আজ ১৪ নভেম্বর শক্তিমান এই অভিনেতার ২২তম মৃত্যুবার্ষিকী।
১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালীর দুমকিতে জন্মগ্রহণ করেন রাজীব।চলচ্চিত্রে তার অভিষেক হয়েছিল নায়ক হিসেবে। প্রথম সিনেমা ‘খোকন সোনা’। এরপর ধীরে ধীরে নিজের অভিনয়গুণে জায়গা করে নেন ঢাকাই চলচ্চিত্রে। কাজ করেছেন দেশের একাধিক গুণী নির্মাতার সঙ্গে।একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে হয়ে ওঠেন দর্শকের পরিচিত মুখ।
রাজীবের অভিনয়জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল সংলাপ বলার নিজস্ব ধরন। তার সংলাপের ভঙ্গি অনেক সময় সিনেমার গল্পকেও ছাপিয়ে দর্শকের মনে জায়গা করে নিত। এর বড় উদাহরণ ‘দাঙ্গা’ সিনেমার ‘আমি মাইন্ড করলাম’ সংলাপ। সিনেমাটি মুক্তির বহু বছর পরও সংলাপটি চলচ্চিত্রপ্রেমীদের মুখে মুখে ফেরে।
অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন রাজীব। ‘হীরামতি’, ‘দাঙ্গা’, ‘বিদ্রোহ চারিদিকে’ ও ‘সাহসী মানুষ চাই’ সিনেমায় অভিনয়ের জন্য এই সম্মাননা পান তিনি। চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই অভিনেতা ইতিবাচক ও নেতিবাচক—দুই ধরনের চরিত্রেই নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন।
রাজীব অভিনীত উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘ভাত দে’, ‘ত্রাস’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘শেষ খেলা’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘প্রেম দিওয়ানা’, ‘অন্তরে অন্তরে’, ‘বাবার আদেশ’, ‘দেনমোহর’, ‘শেষ সংগ্রাম’, ‘আন্দোলন’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘দুর্জয়’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘খলনায়ক’, ‘প্রেম পিয়াসী’, ‘লুটতরাজ’, ‘বুকের ভেতর আগুন’, ‘ক্ষুধার জ্বালা’, ‘অনন্ত ভালোবাসা’, ‘স্বপ্নের বাসর’ ও ‘ও প্রিয়া তুমি কোথায়’।
অভিনয়ের পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন রাজীব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। পরবর্তী সময়ে সংগঠনটির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বও পালন করেন।
২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৫২ বছর বয়সে মারা যান রাজীব। ঢাকার উত্তরায় সমাহিত করা হয় তাকে। মৃত্যুর দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বাংলা চলচ্চিত্রে তার অভিনীত চরিত্র, সংলাপ ও পর্দার উপস্থিতি আজও দর্শকের স্মৃতিতে অমলিন।







































