ফাইল ছবি
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে আজ মঙ্গলবার সচিবালয়ে বৈঠকের পর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে ঐক্য পরিষদ বলছে, এই আলোচনা ফলপ্রসূ হয়নি।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরসহ সারা দেশের সব কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট ও কাস্টম হাউসে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সভায় অর্থ উপদেষ্টাসহ আরো দুজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। ঐক্য পরিষদের প্রতিনিধিদলের হয়ে অংশ নিয়েছিলেন ১৩ জন সদস্য। এ ছাড়া এনবিআর পরামর্শক কমিটির সদস্য, এনবিআরের সাবেক তিন সদস্য, অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল বুধবার দুপুর ১২টায় এনবিআর প্রাঙ্গণে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এ ছাড়া আগামীকাল সকাল ৯টা থেকে সংবাদ সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত এনবিআরের ঢাকায় অবস্থিত দপ্তরগুলোর আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এনবিআর ভবনের নিচতলায় অবস্থান করবেন। ঢাকার বাইরের অন্য সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবেন।











































