ফাইল ছবি
চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১১৩ বাংলাদেশি চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া অসুস্থ হয়ে আরো ২৬ জন বাংলাদেশি দেশটির সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
বুলেটিনে বলা হয়েছে, সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসাপ্রাপ্ত মোট হজযাত্রীর সংখ্যা ১১৩ জন।
<এ ছাড়া হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ২৬ জন।
এতে আরো বলা হয়েছে, সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের সংখ্যা ২৪ হাজার ৫৬৪টি।
এদিকে শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ১৫৩টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ১০১ হজযাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৯টি ফ্লাইটে সৌদি পৌঁছান ২৯ হাজার ৮৬৭ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ৬০৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬২৮ জন হজযাত্রী সৌদি পৌঁছান।
তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৮৫৩ ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি যান ৫৪ হাজার ৫১৮ হজযাত্রী।
অন্যদিকে হজে গিয়ে সৌদি আরবে সর্বমোট ৯ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে আটজন পুরুষ এবং একজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন চারজন ও মদিনায় পাঁচজন।
গত ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৩৯৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ৩১ মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা। ১০ জুন থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ১০ জুলাই।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন পাঁচ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।










































