জলি এলএলবি ৩’
বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি কোর্ট রুম ড্রামা চলচ্চিত্র ‘জলি এলএলবি’। ইতিমধ্যে দুটি কিস্তি মুক্তি পেয়েছে এবং দুটিই সুপারহিট। যার প্রথমটি করেছিলেন আরশাদ ওয়ার্সি এবং দ্বিতীয় কিস্তিতে ছিলেন অক্ষয় কুমার। এবার তৃতীয় কিস্তিতে রয়েছেন উভয়েই।
মুক্তির প্রথম দিন বক্স অফিসে ঢিলেঢালা শুরু করলেও যত দিন যাচ্ছে আয় বাড়ছে সিনেমাটির।
বক্স অফিসের সর্বশেষ আপডেট অনুযায়ী, ‘জলি এলএলবি ৩’ তার মুক্তির তৃতীয় দিনে অর্থাৎ রবিবার ২১ কোটি টাকা আয় করে। শনিবারের আয় ছিল ২০ কোটি টাকার বেশি। সিনেমাটির উদ্বোধনী দিনে ১২.৫ কোটি টাকা আয় দিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করে।
সবমিলিয়ে, মুক্তির তিন দিন পর এর মোট আয় দাঁড়িয়েছে ৫৩.৫০ কোটি টাকা। রবিবার জলি এলএলবি ৩-এর হিন্দি ভাষার সামগ্রিক দর্শক উপস্থিতি ছিল ৪০.৩৬ শতাংশ। যা প্রথমদিনের চেয়ে অনেকটাই বেশি। দিনে দিনে প্রেক্ষাগৃহে দর্শক টানছে সিনেমাটি।
এবারের কিস্তিতে দুই জলি পরস্পরের বিরুদ্ধে আদালতে লড়াই করছে। উভয়েই কৌশলগত ফাঁকফোকর, নিয়ম ভঙ্গন ও আইনি জগতে নিজেদের জাহির করায় ব্যস্ত। তবে একটি কেস তাদের দুজনের জীবনে আবার নতুন করে বাঁকবদল ঘটায়। কে হবে বিজয়ী? কে থাকবে সত্যের পক্ষে? জানতে হলে দেখতে হবে দুই জলির লড়াই।
‘জলি এলএলবি ৩’ পরিচালনা করেছেন শুভাষ কাপুর।
এতে হুমা কুরেশি, সৌরভ শুক্লা, অমৃতা রাও, সীমা বিশ্বাস, রাম কাপুর, গজরাজ রাও, শিল্পা শুক্লা, বৃজেন্দ্র কালা প্রমুখ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। এটি ১৯ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছে।










































