সংগৃহীত ছবি
পেশাগত সাফল্যের পাশাপাশি বর্তমানে ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় বলিউড অভিনেতা অর্জুন রামপাল। সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘ধুরন্ধর’–এ তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ছবির সাফল্যের মধ্যেই দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে বড় ঘোষণা দিলেন অভিনেতা।
প্রায় ছয় বছর ধরে ফ্যাশন ও পোশাকশিল্পী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডস-এর সঙ্গে সম্পর্কে রয়েছেন অর্জুন রামপাল।
এবার সেই সম্পর্কের পরবর্তী ধাপ হিসেবে বাগদানের কথা প্রকাশ্যে আনলেন তারা।
সম্প্রতি রিয়া চক্রবর্তীর পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। অনুষ্ঠানে তাদের সম্পর্কের সমীকরণ, একসঙ্গে থাকার অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন তারা।
বিয়ের প্রসঙ্গ উঠতেই গ্যাব্রিয়েলা বলেন, ‘আমরা এখনো বিবাহিত নই।
তবে ভবিষ্যতে কী হবে, তা কে-ই বা বলতে পারে?’
এই মন্তব্যের পরই চমক দেন অর্জুন। তিনি জানান, ‘আমাদের বাগদান হয়ে গেছে। আর এই কথাটা আমি প্রথমবার রিয়ার অনুষ্ঠানেই বলছি।’
এই ঘোষণার পর থেকেই তাদের বিয়ে কবে অনুষ্ঠিত হবে—তা নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
যদিও বিয়ের নির্দিষ্ট সময়সূচি নিয়ে এখনই কিছু জানাননি এই তারকা জুটি।
এর আগে অর্জুন রামপাল মডেল মেহর জেসিয়া–কে বিয়ে করেছিলেন। ১৯৯৮ সালে শুরু হওয়া সেই দাম্পত্য সম্পর্ক ভেঙে যায় ২০১৯ সালে। সেই সংসারে তাদের দুই কন্যা সন্তান রয়েছে—মাহিকা রামপাল ও মাইরা রামপাল।
২০১৯ সাল থেকেই গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুনের সম্পর্কের শুরু।
এই সম্পর্কে তাদেরও দুই সন্তান রয়েছে—অরিক ও অরিভ। দীর্ঘদিনের লিভ-ইন সম্পর্ক, সন্তান লালন ও পারিবারিক বন্ধনের মধ্য দিয়েই ধীরে ধীরে এগিয়েছে তাদের সম্পর্ক।
ছয় বছরের লিভ-ইনের পর বাগদানের ঘোষণায় অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্ক এখন নতুন অধ্যায়ের পথে। বিয়ের ঘণ্টা কবে বাজবে—সেই অপেক্ষাতেই ভক্তরা।











































