শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে ভারতের বড় জয়

ছবি : সংগৃহীত

এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত।ভারতের জয়ে বড় অবদান রেখেছেন ওপেনার দুন্না ভেঙ্কটেশ্বররাও। তার বিধ্বংসী সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ার পর বোলারদের দাপটে সহজ জয় পায় ভারত।

রবিবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৪১ রান করে ভারত। 

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে শ্রীলঙ্কা।

মাত্র ৮ রানেই দুই ওপেনার অ্যান্টনি ভিনসলি (১) ও জয়ান্থা আমারাসিংহেকে (১) হারায় তারা। এতে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। 

প্রবুদ্ধ পিয়ুমাল ১৪ ও ডি পেরেরা অপরাজিত ১৪ রান করেন। নির্ধারিত ১৭ ওভারে ৬ উইকেটে ৬২ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।তাদের ইনিংসে সর্বোচ্চ ২৬ রান এসেছে অতিরিক্ত থেকে।

ভারতের হয়ে আর সিং ২ ওভারে মাত্র ৫ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। ডি তোমপাকি ও এন বাদানায়ক নেন একটি করে উইকেট।

১৭ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে ওপেনার সুনীল রমেশ মাত্র ৬ রান করে ফিরলেও অন্য প্রান্তে ঝড় তোলেন দুন্না ভেঙ্কটেশ্বররাও।

১৬টি চারের সাহায্যে মাত্র ৫০ বলে ১০০ রান করেন তিনি।২০০ স্ট্রাইক রেটে খেলা এই ব্যাটার সেঞ্চুরির পর রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন।

এছাড়া মিডল অর্ডারে সঞ্জয় কুমার শাহ ২৭ বলে ৪৬ রানের সঙ্গে শেষ দিকে দীপকের ১৪ বলে অপরাজিত ৩১ এবং বাদানায়কের ১৪ বলে অপরাজিত ২২ রানের ইনিংসে ২৪১ রানের সংগ্রহ পায় ভারত।

শ্রীলঙ্কার হয়ে প্রবুদ্ধ পিয়ুমাল ও নুয়ান্থা সুদেশ নেন একটি করে উইকেট।

দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন দুন্না ভেঙ্কটেশ্বররাও।

LEAVE A REPLY