ছবি : এনডিটিভি।
ইরানের নির্দেশে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির কয়েকজন শীর্ষ রাজনীতিককে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে এক পাকিস্তানি নাগরিককে ২৭ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।
বিচার বিভাগের বিবৃতি অনুযায়ী, ব্রুকলিনের ফেডারেল আদালতের বিচারক এরিক আর কমিটি ৪৮ বছর বয়সী আসিফ মার্চেন্টকে ৩৩০ মাসের (২৭ বছর ৬ মাস) কারাদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা এবং অর্থের বিনিময়ে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে।
মামলার সরকারি কৌঁসুলিদের দাবি, ২০২০ সালে ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ নিতে এই পরিকল্পনা করা হয়েছিল। ওই সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।মার্চেন্ট যুক্তরাষ্ট্রে লোক নিয়োগ করে ট্রাম্পসহ কয়েকজন রাজনীতিককে হত্যার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এই ষড়যন্ত্রের সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী নিকি হ্যালিও ছিলেন।
বিচার বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে একটি ফেডারেল জুরি রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণের দায়ে মার্চেন্টকে দোষী সাব্যস্ত করে।
বিচার চলাকালে মার্চেন্ট দাবি করেন, তেহরানে থাকা নিজের পরিবারকে রক্ষা করতে তিনি অনিচ্ছা সত্ত্বেও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে এই পরিকল্পনায় যুক্ত হয়েছিলেন।তার ভাষ্য, কাউকে হত্যার সরাসরি নির্দেশ দেওয়া হয়নি। তবে ইরানে তার এক নিয়ন্ত্রক কথোপকথনের সময় তিনজনের নাম উল্লেখ করেছিলেন।
তবে কোনো হামলার আগেই মার্কিন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ষড়যন্ত্রটি ব্যর্থ করে দেয়। বিচার বিভাগ জানায়, ২০২৪ সালের এপ্রিলে মার্চেন্ট যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন, তিনি কর্তৃপক্ষকে বিষয়টি জানান এবং গোপন তথ্যদাতা হিসেবে কাজ শুরু করেন। ওই বছরই মার্চেন্ট গ্রেপ্তার হন।তিনি অবশ্য নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।
তবে ট্রাম্প ও অন্যান্য মার্কিন কর্মকর্তাকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তেহরান।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় হাজারো মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এসব হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ নেতাও নিহত হয়েছেন।











































