তানিয়া বৃষ্টি ছবি : আহসান অর্ণব
কণ্ঠ শুনে মনে হচ্ছে একটু অসুস্থ?
হ্যাঁ। কদিন ধরে জ্বর-ঠাণ্ডায় ভুগছি।
অসুবিধা না হলে নতুন ছবি, নতুন নাটক—এসব নিয়ে একটু কথা বলা যায়?
শিওর।
অনেক দিন ধরে তো নাটকেই ব্যস্ত আছেন।
কেন মনে হলো ‘ট্রাইব্যুনাল’ দিয়েই চলচ্চিত্রে কামব্যাক করতে চান?
দুটি কারণে এই ছবি করছি। প্রথমত ছবিটির গল্প। শোনার পর মনে হয়েছিল, এই ছবি দিয়েই আমি বড় পর্দায় ফিরতে চাই। আর দ্বিতীয় কারণ নির্মাতা রায়হান খান।
তিনি আমার মেন্টর। তাঁর হাত ধরেই শোবিজে আমার পথচলা শুরু। তাঁর মাধ্যমেই আবার চলচ্চিত্রে ফিরতে চেয়েছি।
ছবিটির কাজ কতদূর এগিয়েছে?
প্রায় ৭০ শতাংশ শুটিং শেষ।
আর চার-পাঁচ দিন আউটডোরে শুটিং হবে। আর কয়েক দিন শুটিং হবে ইনডোরে, মানে আদালতের দৃশ্যগুলো আরকি।
ছবিতে আপনার চরিত্র কেমন, একটু আভাস দেওয়া যায়?
বেশি কিছু তো এখন বলা যাবে না। এটুকু বলি, ‘ট্রাইবুনাল’ একটি কোর্টরুম ড্রামা। একটি মামলা নিয়ে ছবির গল্প, সেই মামলার ভিক্টিম আমি।
একদিক থেকে বললে আমাকে ঘিরেই গল্প।
যেটুকু শুটিং করলেন, তাতে কী মনে হচ্ছে? দর্শক আপনাকে কতখানি খুঁজে পাবে?
গল্পটা যেভাবে এগিয়েছে, সেটাকে ইমোশানালি কানেক্ট করে আমার চরিত্রটি। এ চরিত্রটা যদি ফেল করে, তাহলে গল্পের শক্তি আর থাকবে না। ফলে আমার চরিত্রটা ভীষণ গুরুত্বপূর্ণ। দর্শক দেখলে কানেক্ট করতে পারবেন। আরেকটা বিষয় হলো, ছবির পুরো টিম অনেক পরিশ্রম করছেন। সবাই একাত্ম হয়ে যে শ্রম দিচ্ছেন, তাতে আমি খুব আশাবাদী ছবিটা নিয়ে।
নতুন নাটক ‘মন দিলে মন পাবে’ প্রকাশিত হয়েছে। কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন?
ছবির জন্য ইদানীং নাটক কমিয়ে দিতে হয়েছে। তবে একদম বন্ধ করিনি। এ নাটকটিও সাম্প্রতিক সময়ে করেছিলাম। রিলিজের পর ভালোই সাড়া পাচ্ছি। এরই মধ্যে মিলিয়ন ভিউজ পার করে ফেলেছে।
এ নাটকে আপনার সহশিল্পী নিলয় আলমগীর। তাঁর সঙ্গে প্রচুর নাটকে দেখা যায় আপনাকে। দুজনের বোঝাপড়া কেমন?
নিলয় আমার বন্ধুর মতো। সহশিল্পী হিসেবে খুব সাপোর্টিভ। আর আমাদের মধ্যে সবচেয়ে বেশি আলাপ হয় এনিম্যাল নিয়ে। আমরা দুজনেই এনিম্যাল লাভার। ফলে শুটিংয়ের ফাঁকে আমরা নানা পশু-প্রাণী নিয়ে গল্প করি।
এখন অনেকেই প্রাণীপ্রেম বিষয়ে সচেতন হচ্ছেন। আপনার প্রাণীপ্রেম কবে থেকে?
সত্যি বলতে, ছোট বেলা থেকে আমি ভয় পেতাম। কাছে ঘেঁষলে যদি ক্ষতি করে, এই ভেবে তাড়িয়ে দিতাম। সেই ভয়টা ভাঙে ২০২১-এর দিকে। তখন আরশের [আরশ খান] সঙ্গে বেশ কিছু কাজ করা হয়েছিল। আরশও এনিম্যাল লাভার। ওর মাধ্যমেই প্রথমবার একটু-আধটু করে বিড়ালকে স্পর্শ করা, খাওয়ানো। এরপর ভয় কেটে গেল। আমার জন্মদিনে আরশ একটা বিড়াল উপহার দিল। কিছুদিনের মধ্যে সেই বিড়াল আমার বাচ্চার মতো হয়ে উঠল।
এখন আপনার পোষ্য কয়টি?
পাঁচটি। কোনোটা গিফট পেয়েছি, কোনোটা আবার রাস্তা থেকে কুড়িয়ে এনেছি। অনেকে কেবল বিদেশি জাতের বিড়াল পছন্দ করেন। কিন্তু আমার মতে, সব বিড়ালই সুন্দর। আর দেশি বিড়াল বরং বেশি ক্লোজ হয়, ওদের সঙ্গে বন্ডিং ভালো হয়। পার্শিয়ান বিড়ালগুলো নিজেদের মতো থাকে, খুব বেশি ক্লোজ হয় না। সে হিসেবে দেশি বিড়ালই পোষা ভালো। তা ছাড়া আমরা সৃষ্টির সেরা জীব, আমাদের মাধ্যমে যদি একটি রাস্তার প্রাণী ভালোভাবে বাঁচার সুযোগ পায়, সেটা তো অনেক বড় ব্যাপার।
বছরটা শেষের দিকে। একটু ইয়ার-রিভিউ করুন, কেমন গেল ২০২৫?
খুব ভালো গেছে। নাটকে নিজের অবস্থানটা ধরে রাখতে পেরেছি। পাশাপাশি চলচ্চিত্রেও কামব্যাক হতে যাচ্ছে। সব মিলিয়ে আমি সন্তুষ্ট।
নতুন আর কী করছেন?
পরশু [আগামীকাল] বরিশাল যাব, সেখানে একটি নাটকের শুটিং আছে। ঈদের জন্য কিছু নাটকের কথাবার্তা হয়েছে, সেগুলো করব। আর এ মাসেই আবার ‘ট্রাইব্যুনাল’-এর বাকি দৃশ্যায়ন শুরু হবে। সেটা চলবে জানুয়ারি অব্দি। এরপর আবার ঈদের নাটক করব।










































