দীর্ঘ ৪০ দিনের তীব্র হামলা-পাল্টা হামলার পর অবশেষে যুদ্ধবিরতিতে কিছুটা স্বস্তি বিরাজ করছে মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বে। যুদ্ধকালীন জীবন-মরণ পরিস্থিতিতে থেকে বেরিয়ে এখন স্বাভাবিক জীবনে ফেরা যেন ‘বিলাসিতা’, ঠিক এমনটাই মনে করছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।
শুক্রবার আলজাজিরার এক প্রতিবেদনে মার্কিন রাষ্ট্রদূত জানান, ইসরায়েলে দায়িত্ব পালনকালে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় তিনি টানা ছয় সপ্তাহ একটি কমান্ড সেন্টারে অবস্থান করেছেন।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘দুইটি কুকুর নিয়ে একটি ঘরেই ছয় সপ্তাহ কাটিয়েছি।
’
যুদ্ধকালীন নিজের দৈনন্দিন জীবনের কথা স্মরণ করে তিনি বলেন, ‘খাটের বদলে ক্যাম্প খাটে ঘুমিয়েছি, মাইক্রোওয়েভ ও হটপ্লেটে খাবার তৈরি করেছি। আর চলাফেরাও ছিল খুব সীমিত।’
তবে সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তিনি আবার রাষ্ট্রদূতের বাসভবনে ফিরেছেন বলে জানান। সেখানে ফিরে স্বাভাবিক বিছানায় ঘুমাতে পারাকে তিনি ‘বিলাসিতা’ হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, হাকাবি দীর্ঘদিন ধরেই ইসরায়েলের জোরালো সমর্থক হিসেবে পরিচিত। তিনি নিজেকে খ্রিস্টান জায়নিস্ট হিসেবে অভিহিত করেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাইবেলের ব্যাখ্যা অনুযায়ী ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে, তাতেও তার আপত্তি নেই। যদিও এ মন্তব্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।









































