‘পিএসজির চেয়ে ভালো দল নেই’ বলা এনরিককে চ্যালেঞ্জ দিলেন বায়ার্ন কোচ

ছবি : রয়টার্স

চ্যাম্পিয়নস লিগে আজ মহারণ। রাতে সেমিফাইনালের প্রথম লেগে প্যারিসের পার্ক দে প্রিন্সেসে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। হাই ভোল্টেজ এই ম্যাচ সামনে রেখে আত্মবিশ্বাসে টইটম্বুর লুইস এনরিকে। প্যারিস সেন্ট-জার্মেইন কোচের সাফ কথা—‘আমাদের চেয়ে ভালো দল নেই।

সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, ‘ইউরোপের সেরা দুই দলই মাঠে নামছে। ধারাবাহিকতায় হয়তো বায়ার্ন একটু এগিয়ে, কিন্তু আমরা যা দেখিয়েছি, তাতে আমাদের চেয়ে ভালো কেউ নেই।’

দারুণ ছন্দে আছে পিএসজি। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৯ ম্যাচে ৮টিতেই জয় পেয়েছে তারা, লিগ আঁর শীর্ষেও আছে ছয় পয়েন্ট এগিয়ে।

ইউরোপের মঞ্চেও মুগ্ধ করেছে এনরিকের শিষ্যরা। নকআউট পর্বে একে একে তারা বিদায় করেছে মোনাকো, চেলসি ও লিভারপুলকে। 

এনরিকে বলেন, ‘জিততে হলে রক্ষণে থাকার চেয়ে আক্রমণ বেশি করতে হবে। কাজটা কঠিন, তবে আমরা সমঝোতা করতে নামছি না—জিততেই নামছি।

অন্যদিকে সমান দাপট দেখাচ্ছে বায়ার্নও। টানা ৯ ম্যাচ জয়ের ধারায় থাকা জার্মান জায়ান্টরা শেষ ১৭ ম্যাচের ১৬টিতেই জয় পেয়েছে। বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ১২ ম্যাচের ১১টিতেই জিতেছে, একমাত্র হারটি এসেছে আর্সেনালের বিপক্ষে। 

দলের আক্রমণভাগে নেতৃত্ব দিচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে ইতিমধ্যে ৫৩ গোল করেছেন তিনি, যার ১২টি এসেছে চ্যাম্পিয়নস লিগে।

তবে বড় ম্যাচ নিয়ে ভয় নেই বায়ার্ন কোচ ভিনসেন্ট কম্পানির। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ মৌসুমেই আমরা বার্নাব্যুতে জিতেছি, প্যারিসেও জিতেছি। পিএসজি চ্যাম্পিয়ন হলেও, চ্যালেঞ্জ নিতে পারে এমন দল আমরাই।’ 

দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও বেশ জমজমাট। চ্যাম্পিয়নস লিগে এটি তাদের ১৫তম সাক্ষাৎ, টানা নবম মৌসুমে দেখা হচ্ছে দুই জায়ান্টের। শেষ পাঁচ দেখায় প্রতিবারই জিতেছে বায়ার্ন, যার মধ্যে চলতি মৌসুমে প্যারিসে ২-১ গোলের জয়ও আছে।

কম্পানির মতে, ‘দুই দলই সৃজনশীলতায় ভরপুর। এমন ম্যাচে পার্থক্য গড়ে দেয় তীব্রতা, শক্তি আর মনোযোগের মতো ছোট ছোট বিষয়।

সব মিলিয়ে ইউরোপসেরা হওয়ার লড়াইয়ে আবারও মুখোমুখি দুই পরাশক্তি। পার্ক দেস প্রিন্সেসে তাই বিশেষ নজর থাকবে ফুটবল ভক্তদের। 

LEAVE A REPLY