চলচ্চিত্রের পোস্টার থেকে
জনপ্রিয় গায়ক আহমেদ হাসান সানি পরিচালিত প্রথম সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ মুক্তি পাবে আগামী ১৬ জানুয়ারি। ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা ছিল; কিন্তু শেষ মুহূর্তে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে শেষ মুহূর্তে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।
‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমায় যুগ যুগ ধরে চলে আসা রাজনৈতিক তাস্থিরতার নানা প্রসঙ্গ তুলে এনেছেন নির্মাতা।
জানা গেছে, বর্ষণ অভিনীত নতুন ছবির পটভূমি ছাত্র-জনতার অভ্যুত্থান। তবে এর মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন সময়ের ইতিহাসও তুলে ধরা হবে। কথা প্রসঙ্গে বর্ষণ বলেন, ‘আমরা প্রায় সময় বলে থাকি, রাজনৈতিক আলাপ নিষেধ। বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা নানা জায়গায় এটা লেখাও থাকে, রাজনৈতিক আলাপ নিষেধ।
কিন্তু রাজনৈতিক আলাপটা আসলে জরুরি। মানুষ যত বেশি রাজনৈতিকভাবে সচেতন হবেন, ততই দেশ নিয়ে ভাবতে শিখবেন। আমরা এ ছবিতে রাজনৈতিক আলাপ যে জরুরি, সেটিই তুলে ধরার চেষ্টা করেছি।’
‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র পটভূমি বিষয়ে আহমেদ হাসান সানি বলেন, ‘আমাদের একটা বিশাল প্রজন্ম আই হেট পলিটিকসের মধ্য দিয়ে বেড়ে উঠেছে।
এ কারণে দেশের ইতিহাস সম্পর্কে তাদের অতটা জানাশোনা নেই। কেন দ্বিজাতিতত্ত্ব হয়েছে, কেন বাংলাদেশ ভাগ হয়েছে, বাঙালি জাতি হয়েছে-আমাদের কতটা ভাঙা-গড়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি যদি আমার অতীত সম্পর্কে ঠিকঠাক না জানি, তাহলে আমাদের ভবিষ্যৎও বেশিদূর এগোবে না। সে কারণেই রাজনৈতিক আলাপটা জরুরি। আমাদের ইতিহাস জানতে হবে।
আমরা গল্পটার মধ্যে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের ইতিহাস বলার চেষ্টা করেছি। সে কারণে ছবিটির নাম এটাই যথোপযুক্ত মনে হয়েছে।
ইমতিয়াজ বর্ষণ ছাড়াও ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, তানভীর অপূর্ব, এ কে আজাদ সেতু, কেয়া আলম প্রমুখ। প্রযোজনা করেছেন খালিদ মাহমুদ তূর্য প্রমুখ।











































