তুমুল জনপ্রিয় সুপারহিরো চরিত্র ‘থর’-এর অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১১ নভেম্বর গভীর রাতে মুখোশধারী চার ব্যক্তি বাড়িতে ঢুকে তিনটি গাড়ি লুণ্ঠন করে নিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন ক্রিসের স্ত্রী ও অভিনেত্রী এলসা পাটাকি। তবে এ ঘটনায় কেউ আহত হননি এবং লুণ্ঠিত হওয়া তিনটি গাড়িই পরে উদ্ধার করেছে পুলিশ।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বায়রন বে এলাকার কাছে অবস্থিত ওই বাড়িতে স্থানীয় সময় রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম ৭নিউজকে পুলিশ জানায়, চার অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাড়িতে প্রবেশ করে তিনটি গাড়ি নিয়ে যায়। ঘটনার সময় এলসা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাড়ির পোষা কুকুরগুলোর ডাক শুনে তার ঘুম ভেঙে যায়। তবে পরে আবার ঘুমিয়ে পড়েন তিনি। সকালে উঠে দেখেন, গ্যারেজে রাখা পরিবারের তিনটি গাড়ি নেই। লুণ্ঠিত হওয়া গাড়িগুলোর মধ্যে ছিল একটি বিওয়াইডি ইলেকট্রিক গাড়ি, একটি রাম ট্রাক এবং একটি ফোর্ড রেঞ্জার র্যাপটর ইউটিলিটি গাড়ি। গাড়িগুলোর চাবি ভেতরেই রাখা ছিল।

পুলিশ বাড়ির নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখতে পায়, মুখোশ বা বালাক্লাভা পরা কয়েকজন ব্যক্তি দেয়াল টপকে গ্যারেজে প্রবেশ করে। তাদের মধ্যে দুজনের হাতে ছুরি ছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে। ঘটনার দিনই বাড়ি থেকে বেশ দূরে দুটি গাড়ির সন্ধান পায় পুলিশ। পরদিন ১২ নভেম্বর উদ্ধার করা হয় তৃতীয় গাড়িটিও। এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে অস্ট্রেলিয়ায় ফিরে বসবাসের সিদ্ধান্তকে জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত বলে অভিহিত করেছিলেন ক্রিস হেমসওয়ার্থ। চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘স্মার্টলেস’ পডকাস্টে অংশ নিয়ে তিনি জানিয়েছিলেন, ২০১৫ সালে পরিবার নিয়ে লস অ্যাঞ্জেলেস ছেড়ে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে আসেন তারা। নিজের জীবনযাপন সম্পর্কে ক্রিস বলেছিলেন, কাজ শেষে বাড়ি ফেরার সময় তার মনে হয় যেন ছুটিতে এসেছেন। তাদের বড় একটি খামার রয়েছে। সেখানে ঘোড়া, মোটরসাইকেল ও সার্ফিংয়ের সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার গ্রামীণ পরিবেশে নিজের বেড়ে ওঠার স্মৃতিও এ সিদ্ধান্তের পেছনে কাজ করেছে বলে জানিয়েছিলেন অভিনেতা। তার দুই ভাই লিয়াম হেমসওয়ার্থ ও লুক হেমসওয়ার্থও অস্ট্রেলিয়াতেই বেড়ে উঠেছেন।
উল্লেখ্য, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) তুমুল জনপ্রিয় সুপারহিরো চরিত্র ‘থর’ হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পান ক্রিস হেমসওয়ার্থ। নর্স পুরাণের বজ্রদেবতার আদলে তৈরি এই চরিত্রে তিনি ২০১১ সালে ‘থর’ সিনেমার মাধ্যমে প্রথম আত্মপ্রকাশ করেন। এরপর ‘দ্য অ্যাভেঞ্জার্স’ সিরিজসহ ‘থর: রাগনারক’ এবং ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’-এর মতো ব্লকবাস্টার চলচ্চিত্রে অভিনয় করে তিনি বিশ্বব্যাপী কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেন। হাতুড়ি মিওলনির ও কুঠার স্টর্মব্রেকার হাতে পর্দায় দুষ্টের দমনকারী এই শক্তিশালী সুপারহিরোর বাস্তব জীবনের বাড়িতেই এবার হানা দিল সশস্ত্র ডাকাত দল।
সূত্র: ই-নিউজ










































