অক্টোবরে আনসার ব্যাটালিয়নের ৯৮১ অভিযান

অপরাধ দমন, অবৈধ দখল উচ্ছেদ, মাদকবিরোধী কার্যক্রম এবং চোরাই মালামাল উদ্ধারে অক্টোবর মাসজুড়ে দেশব্যাপী ৯৮১টি অভিযান চালিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ন। এসব অভিযানে অপরাধী আটকের পাশাপাশি প্রায় ২ কোটি ৩৯ লাখ টাকা জরিমানা আদায়ে সহযোগিতা করেছেন বাহিনীর সদস্যরা।এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নিষিদ্ধ জাল ও চোরাই মালামাল উদ্ধার করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) বাহিনীটির সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজার নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জনস্বার্থ রক্ষায় অক্টোবর মাসে পরিচালিত ৯৪৬টি ভ্রাম্যমাণ আদালতে নিরাপত্তার দায়িত্ব পালন করেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। খাদ্যে ভেজাল, অবৈধ বালু উত্তোলন, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার এবং পণ্যের কৃত্রিম মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পরিচালিত এসব অভিযানে ২ কোটি ৭ লাখ ২১ হাজার টাকা জরিমানা আদায়ে সহযোগিতা করা হয়।এ ছাড়া সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে পরিচালিত ১৭টি উচ্ছেদ অভিযানে অংশ নেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। এসব অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ১৮ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা আদায়ে সহযোগিতা করেন তারা।

অন্যদিকে, মা ইলিশ সংরক্ষণে পরিচালিত ১৮টি বিশেষ যৌথ অভিযানেও দায়িত্ব পালন করেন বাহিনীর সদস্যরা। এসব অভিযানে ১২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা আদায়ে সহযোগিতার পাশাপাশি প্রায় ৫৬ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করা হয়।এ ছাড়া অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত এসব অভিযানে চোর, ছিনতাইকারী, দালাল, মানব পাচারকারী, ডাকাত ও মাদক কারবারিদের আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ মদ ও গাঁজাসহ প্রায় ৬ লাখ টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রেখেছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। প্রাকৃতিক দুর্যোগ ও অতিবৃষ্টির কারণে পাহাড়ি সড়কে ধসে পড়া মাটি ও কাদা অপসারণ করে যান চলাচল স্বাভাবিক রাখতে সহযোগিতা করেন তারা।

বর্তমানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৭টি আনসার ব্যাটালিয়ন ইউনিট দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছে।দুর্গম পার্বত্য অঞ্চলে যৌথ অভিযান পরিচালনার পাশাপাশি জাতীয় সংসদ ভবন, সচিবালয়, পদ্মা সেতু, বিমানবন্দর, মেট্রো রেল, বিদেশি দূতাবাসসহ দেশের গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা ও কেপিআইভুক্ত স্থাপনাগুলোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন এসব ইউনিটের সদস্যরা।

LEAVE A REPLY