ভারতের নাগরিকত্ব ছাড়লেন তারকা খেলোয়াড়, খেলবেন যে দেশের হয়ে

শুটার অঙ্গদ বীর সিংহ বাজওয়া।

সর্বশেষ এশিয়ান গেমসে ভারতের হয়ে পদক জিতেছিলেন তারকা স্কিট শুটার অঙ্গদ বীর সিং বাজওয়া। ২০২১ সালের টোকিও অলিম্পিকসেও ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। তবে এবার বড় সিদ্ধান্ত নিলেন এই সফল অ্যাথলেট। ভারতের নাগরিকত্ব ত্যাগ করে তিনি এখন থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় কানাডার হয়ে লড়াই করবেন।

৩০ বছর বয়সী এই প্রতিভাবান শুটার ইতিমধ্যেই কানাডার নাগরিকত্ব গ্রহণ করেছেন। গত কয়েক বছরে ভারতের অন্যতম ধারাবাহিক শুটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন অঙ্গদ। জাতীয় দলেও তিনি ছিলেন নিয়মিত মুখ।

পারিবারিক কারণেই মূলত কানাডায় পাকাপাকি বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন অঙ্গদ।

জানা গেছে, চলতি বছর থেকেই কানাডার জার্সি গায়ে প্রতিযোগিতায় নামার কথা রয়েছে তার। এ বছরই রয়েছে এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো বড় আসর।

এর আগে ভারতের হয়ে খেলা ছাড়ার ক্ষেত্রে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন অঙ্গদ। ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এনআরএআই) থেকে তিনি অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন।

ফলে কানাডার প্রতিনিধিত্ব করতে আর কোনো বাধা থাকল না তার সামনে।

এনআরএআই-এর সেক্রেটারি জেনারেল পবন সিং বলেন, ‘অঙ্গদ আমাদের কাছে অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছিল। সে কোন দেশের হয়ে খেলবে, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা তার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না। ওর মতো প্রতিভাবান শুটারের চলে যাওয়া আমাদের জন্য অবশ্যই বড় ক্ষতি, কিন্তু তাকে আটকানোর কোনও উপায় নেই।

উল্লেখ্য, ২০২৩ সালের এশিয়ান গেমসে ভারতের ব্রোঞ্জজয়ী স্কিট দলের অন্যতম সদস্য ছিলেন অঙ্গদ। এছাড়া এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পরপর দু’বার ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জয়ের কৃতিত্ব রয়েছে তার। এশিয়ান শটগান চ্যাম্পিয়নশিপে দলগত ইভেন্টে ভারতের সোনা জয়ের পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

LEAVE A REPLY