ভারতীয় বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অভীকা গৌর একটি রিয়েলিটি শোর মঞ্চে সাতপাকে বাঁধা পড়েছিলেন। ‘বালিকা বধূ’ সিরিয়ালের আনন্দী হিসেবে যিনি দীর্ঘ দেড় দশক ধরে দর্শকদের অন্দরমহলে জায়গা করে নিয়েছেন, এবার তাকে ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। অবশ্য সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছেন অভিনেত্রী নিজেই, যে নাকি বিয়ের মাত্র তিন মাসেই অন্তঃসত্ত্বা হয়েছেন।
২০২০ সালে পেশায় ব্যবসায়ী ও সমাজসেবক মিলিন্দ চাঁদওয়ানির সঙ্গে অভীকার প্রেমের শুরু। মিলিন্দের সঙ্গে গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে ‘পতি পত্নী অউর পঙ্গা’ শোর মঞ্চে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
এবার প্রশ্ন একটাই—টেলিভিশনের প্রিয় ‘বালিকা বধূ’র জীবনে কি সত্যিই মাতৃত্বের নতুন অধ্যায় শুরু হতে চলেছে? দর্শকদের কৌতূহলের উত্তর মিলবে সময়ের অপেক্ষাতেই।
২৮ বছর বয়সি অভীকা গৌর টেলিভিশনের পাশাপাশি বড়পর্দাতেও নিয়মিত কাজ করছেন। তবে শৈশবে ‘বালিকা বধূ’ ধারাবাহিকে আনন্দীর চরিত্রে অভিনয় করে আজ অভিনেত্রী ঘরে ঘরে জনপ্রিয়তা পেয়েছেন। আজও বহু দর্শকের কাছে তিনি ‘আনন্দী’ হিসেবেই পরিচিত।
সম্প্রতি সামাজিক মাধ্যমে স্বামী মিলিন্দ চাঁদওয়ানিকে নিয়ে একটি ভিডিও পোস্টে অভীকা গৌর লিখেছেন, ‘২০২৬ সালে আমাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে।’ এই একটি লাইনের ইঙ্গিতেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। জীবনের নতুন অধ্যায় নিয়ে যে তারা দুজনেই ভীষণ উচ্ছ্বসিত, সেটিও স্পষ্ট করে জানান অভীকা ও মিলিন্দ।
নিজের ভ্লগে স্বামীকে পাশে বসিয়ে ‘বালিকা বধূ’র আনন্দী বলেন, আমাদের জীবনের এই পরিবর্তনটা আমরা আগে থেকে অনুমান করিনি। কোনো পরিকল্পনাও ছিল না। সত্যি বলতে— এটি নিয়ে কখনো স্বপ্নও দেখিনি। কিন্তু এটা যেমন আমাদের কাছে বড় খবর, ঠিক তেমনই অত্যন্ত আশ্চর্যজনকও।
স্বামীর দিকে তাকিয়ে অভীকা বলেন, ‘তুমি কি নার্ভাস?’ উত্তরে মিলিন্দ বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত। তবে হ্যাঁ, একটু নার্ভাসও বটে!’
এই কথোপকথনের ভিডিও ভাইরাল হতেই অভীকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।
যদিও এখনই সব কিছু স্পষ্ট করে বলতে নারাজ অভিনেত্রী। রহস্য বজায় রেখেই তিনি জানিয়েছেন, এমন খবর থাকলে তা তারা নিজেদের ইউটিউব চ্যানেলেই প্রকাশ করবেন।









































