রিয়াল-পিএসজিসহ শেষ ষোলোর টিকিট কাটল যারা

ফাইল ছবি : রয়টার্স

যোগ করা সময়ের শুরুতেই মোনাকোর সমতায় ফেরার নাটক, তবে শেষ হাসি পিএসজির। অন্য ম্যাচে প্রথম লেগের বড় ব্যবধান ঘুচিয়েও শেষ রক্ষা হলো না ইউভেন্তুসের। সব মিলিয়ে চূড়ান্ত হয়েছে ২০২৫-২৬ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের ১৬ দল।

ঘরের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে ফিরতি লেগে যোগ করা সময়ের প্রথম মিনিটে ম্যাচে সমতা ফেরায় মোনাকো।

তাতে ম্যাচে উত্তেজনা চরমে ওঠে। তবে বাকি সময়ে আর নাটকীয় কিছু করতে পারেনি মোনাকো। ২-২ ড্র হলেও দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় শেষ ষোলো নিশ্চিত করে শিরোপাধারীরা।

রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে ফিরতি লেগে ২-১ গোলে হারিয়েছে বেনফিকাকে।

দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়নরা জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়।

প্রথম লেগে জার্মানিতে ২-০ গোলে হেরেছিল আতালান্তা। তবে ঘরের মাঠে ফিরতি লেগে ৪-১ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলোয় উঠেছে ইতালিয়ান ক্লাবটি। 

প্রথম লেগে তুরস্কে ৫-২ গোলে হারের পর ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামে জুভেন্টাস।

প্রথমার্ধেই ব্যবধান কমায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে ১০ জনে পরিণত হলেও ৭০ ও ৮২তম মিনিটে গোল করে দুই লেগ মিলিয়ে ৫-৫ সমতা ফেরায় ইতালিয়ান দলটি।

তবে অতিরিক্ত সময়ে অভিজ্ঞতার ছাপ রাখে তুর্কি ক্লাব গ্যালাতাসারাই। ১০৫ ও ১১৯তম মিনিটে গোল করে ম্যাচে ৩-২ ব্যবধানে হারলেও দুই লেগ মিলিয়ে ৭-৫ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করে তুরস্কের ক্লাবটি।

প্লে-অফ থেকে শেষ ষোল নিশ্চিত করা ৮ দল

প্লে-অফ পেরিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পিএসজি, গ্যালাতাসারাই, আতালান্তা, রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, নিউক্যাসল ইউনাইটেড ও বোদো/গ্লিমট।

সরাসরি নকআউটে যারা

প্রথম পর্বের পয়েন্ট টেবিলে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে— আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম হস্টস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি। 

আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে শেষ ষোলোর ড্র। 
 

LEAVE A REPLY