সেনাপ্রধানকে কেন পদত্যাগ করতে বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ছবি: রয়টার্স

মার্কিন সেনাবাহিনীতে বড় ধরনের রদবদলের মধ্যে এবার সেনাপ্রধান (চিফ অব স্টাফ) জেনারেল র‍্যান্ডি জর্জকে পদত্যাগ করতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সিবিএস নিউজ এই তথ্য নিশ্চিত করেছে বলে বিবিসির বাংলার প্রতিবেদনে বলা হয়েছে। 

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনীর ৪১তম চিফ অব স্টাফ জেনারেল জর্জ শিগগিরই তার পদ থেকে অবসরে যাচ্ছেন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সেনাপ্রধান হিসেবে র‍্যান্ডি জর্জকে মনোনীত করেছিলেন।

মার্কিন সেনাপ্রধানের দায়িত্বের মেয়াদ চার বছর হলেও, মাত্র দুই বছরের মাথায় তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। জেনারেল জর্জ প্রথম উপসাগরীয় যুদ্ধ ছাড়াও ইরাক ও আফগানিস্তান যুদ্ধে পদাতিক কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাকে কেন পদত্যাগ করতে বলা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। 

জর্জকে অপসারণের পর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জয়েন্ট চিফস অব স্টাফ প্রায় পুরোপুরি পুনর্গঠন করেছেন।

জয়েন্ট চিফস অব স্টাফ হলো পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তাদের একটি প্যানেল, যারা প্রেসিডেন্ট এবং প্রতিরক্ষামন্ত্রীকে গুরুত্বপূর্ণ সামরিক বিষয়ে পরামর্শ দেয়।

তবে সিবিএস নিউজকে একজন উচ্চপদস্থ প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ‘আমরা তার সেবার জন্য কৃতজ্ঞ, কিন্তু সেনাবাহিনীতে এখন নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে।’ পেন্টাগনের মুখপাত্র পার্নেল এক বিবৃতিতে বলেন, ‘জাতির প্রতি জেনারেল জর্জের কয়েক দশকের সেবার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা তার অবসর জীবনের শুভকামনা জানাই।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য মতে, জেনারেল জর্জের স্থলাভিষিক্ত হবেন সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানিভ। তিনি ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

মুখপাত্র পার্নেল লানিভ সম্পর্কে বলেন, ‘তিনি যুদ্ধক্ষেত্রে একজন পরীক্ষিত নেতা এবং তার কয়েক দশকের অভিজ্ঞতার ওপর মন্ত্রী হেগসেথের পূর্ণ আস্থা রয়েছে। বর্তমান প্রশাসনের লক্ষ্য বাস্তবায়নে তিনি ত্রুটিহীন ভূমিকা পালন করবেন।’

পেন্টাগনের দায়িত্ব নেওয়ার পর থেকেই পিট হেগসেথ সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল করেছেন।

এখন পর্যন্ত তিনি এক ডজনেরও বেশি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন।

LEAVE A REPLY