হেলাল খানের ‘ফ্যাসিস্ট’ মন্তব্য নিয়ে মুখ খুললেন জয় চৌধুরী

সংগৃহীত ছবি

চিত্রনায়ক হেলাল খানের সঙ্গে প্রকাশ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনায় এবার নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী। এফডিসিতে একটি মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে জয়কে ‘তুই ফ্যাসিস্ট’ বলে আক্রমণ করেন হেলাল খান।এ সময় তাকে গালাগাল করারও অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এবার পুরো ঘটনার পেছনের কারণ তুলে ধরেছেন জয়।

গণমাধ্যমের কাছে জয় চৌধুরী দাবি করেন, মূলত ভুল-বোঝাবুঝি থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।চিত্রনায়ক ডি এ তায়েবের পক্ষে কথা বলা এবং মানববন্ধনে যোগ দিতে কিছুটা দেরি হওয়ায় তার ওপর ক্ষুব্ধ হন হেলাল খান।

এ প্রসঙ্গে জয় বলেন, ‘হেলাল ভাই রাগ করে আমাকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ, আমি ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলেছি এবং মানববন্ধনে যেতে একটু দেরি হয়েছিল।’

ঘটনার সূত্রপাত গতকাল রবিবার বিকেলে।পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও শিল্পীরা অংশ নেন। তবে এফডিসিতে উপস্থিত থাকলেও জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য ওই কর্মসূচিতে যোগ দেননি।

মানববন্ধন শেষে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে যান হেলাল খান। সেখানে জয় চৌধুরীসহ কয়েকজনকে বসে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।একপর্যায়ে জয়কে উদ্দেশ করে বলেন, ‘তুই একটা ফ্যাসিস্ট। স্বৈরাচারের দোসর। যে কারণে অনুষ্ঠানে যাসনি তোরা।’

জয় বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করলে আরও উত্তেজিত হয়ে ওঠেন হেলাল। তাকে থামিয়ে দিয়ে চুপ করতে বলেন। সেখানে উপস্থিত অন্যদেরও ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করার কথা বলেন তিনি।

তবে ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন জয় চৌধুরী। তার দাবি, শিল্পী সমিতির কার্যালয়ের সামনে যারা বসে ছিলেন, তারা চলচ্চিত্রের কোনো সংগঠনের সদস্য নন। তারা অভিনেতা ডি এ তায়েবের ভক্ত। প্রিয় অভিনেতার জন্মদিন উপলক্ষে কেক কাটতে এফডিসিতে এসেছিলেন তারা। ডি এ তায়েবের আসতে দেরি হওয়ায় সেখানে অপেক্ষা করছিলেন।

জয়ের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তিরা কখন বা কীভাবে এফডিসিতে এসেছেন, সে বিষয়ে ডি এ তায়েব নিজেও অবগত ছিলেন না। তাদের কেন মানববন্ধনে অংশ নিতে পাঠানো হয়নি, সে বিষয়েও তার কিছু জানা ছিল না। অথচ এসব বিষয় নিয়েই ক্ষুব্ধ হন হেলাল খান। জয়ের মতে, পুরো ঘটনাটিই ঘটেছে ভুল-বোঝাবুঝির কারণে।

এদিকে প্রকাশ্যে একজন শিল্পীকে ‘ফ্যাসিস্ট’ বলে সম্বোধন ও গালাগাল করার অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। চলচ্চিত্র অঙ্গনের দুই পরিচিত মুখের এমন প্রকাশ্য বিরোধ নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

উল্লেখ্য, চলচ্চিত্রের পাশাপাশি বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্বে রয়েছেন হেলাল খান। অন্যদিকে জয় চৌধুরী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক। গত জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে তিনি এই পদে নির্বাচিত হন।

শুধু তা-ই নয়, চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্ম ‘উনিশ সংগঠন’-এরও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন দুজন। গত আগস্টে গঠিত এই প্ল্যাটফর্মের আহ্বায়ক হেলাল খান এবং মুখপাত্র জয় চৌধুরী। একই সাংগঠনিক প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা দুই অভিনেতার এমন প্রকাশ্য বিরোধ তাই নতুন করে আলোচনায় এনেছে চলচ্চিত্র অঙ্গনের অভ্যন্তরীণ সম্পর্কের বিষয়টিও।

LEAVE A REPLY